অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক শায়িত হবেন বুদ্ধিজীবী কবরস্থানে
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বাংলা একাডেমির সভাপতি,প্রাবন্ধিক,গবেষক,সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক শায়িত হবেন মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।রোববার দুপুরে পরিবারের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আবুল কাসেম ফজলুল হক।দ্রুত একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আবুল কাসেম ফজলুল হকের মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুচিতা শারমিন বলেন,সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত তার বাবার কফিন রাখা হবে তার সর্বশেষ কর্মস্থল বাংলা একাডেমিতে।এরপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে আবুল কাসেম ফজলুল হকের মরদেহ।বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত রাখা হবে অপরাজেয় বাংলার পাদদেশে।এরপর জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আবুল কাসেম ফজলুল হকের জানাজা হবে।এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে,জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
আবুল কাসেম ফজলুল হক প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলা একাডেমি।এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি প্রয়াত সভাপতির আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।এছাড়া শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম,জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল,জাতীয় কবিতা পরিষদ, থিয়েটার পত্রিকা ক্ষ্যাপা।সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম