অধ‍্যাপক আবুল হাশেমের জীবনাবসান: শনিবার নামাজে জানাজা

জামাল আহমেদ খান
কমিউনিটি করেসপন্সডেন্ট, সত‍্যবাণী

লন্ডন: যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধে প্রবাসে স্বাধীনতার সংগ্রামের অন্যতম সংগঠক, অধ্যাপক আবুল হাসেম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের কিংস কলেজ হাসপাতালে শুক্রবার ২৩ শে অক্টোবর লন্ডন সময় রাত ১২: ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাতের জন‍্য দেশে বিদেশের সবার প্রতি অনুরুধ জানান।

উল্লেখ্য অধ্যাপক আবুল হাশেম ১৯৬৮ সালে যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি, পরবর্তীতে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সহ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার অবদান ছিলো অনন্য। তিনি ছিলেন একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও আদর্শবান রাজনৈতিক সংগঠক। দলের দুঃসময়ে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের হাল ধরেছিলেন।

শনিবার নামাজে জানাজা

এদিকে আগামী কাল শনিবার বাদ জোহর পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে সদ‍্য প্রয়াত অধ‍্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। জানাজা শেষে সিডকাপ এর স্থানীয় একটি কবরস্থানে চীরনিদ্রায় শায়িত হবেন প্রবীন এই রাজনীতিবিদ।
জানাজা ও শেষযাত্রায় অংশ গ্রহনের জন‍্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

You might also like