কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, শহর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের অভিযোগ
নিউজ ডেস্ক
সত্যবাণী
কুমিল্লাঃ কুমিল্লা নগরীতে জামায়াতে ইসলামীর দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় দলীয় কার্যালয়ের সামনে দলের মহানগরী সেক্রেটারি মাহাবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জামায়াতের কুমিল্লা নগরীর প্রধান কার্যালয় গাংচর ফারুকী হাউসের সামনে এ ঘটনা ঘটে।একটি সূত্রে জানা গেছে,মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল।সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে আসে।বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমির হতে পারেন এমন গুঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি পরে সেটি বাগ-বিতণ্ডায় রূপ নেয়।
একপর্যায়ে সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করে জামায়াতের একটি অংশ। যার মধ্যে সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ ওঠে।
কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন,এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।আমরা মিডিয়ায় ব্রিফিং দেব।আমাদের মিটিং চলছে।জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন,আমার জিপ গাড়ি ভাঙচুর করা হয়েছে।আমরা বিষয়টি নিয়ে মিটিংয়ে বসেছি।সেখানে মহানগরীর আমিরসহ অন্যান্যরা আছেন।কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,জামায়াতের পদ নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।একটি মামলার সাক্ষ্য দিয়ে আমি চট্টগ্রাম গিয়েছিলাম।এখন ফিরছি আর কুমিল্লা থেকে আমাদের অফিসার বিষয়টি জানালো।
এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।এসব সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।প্রকৃত ঘটনা হচ্ছে ১৪ অক্টোবর বুধবার রাত সাতটার দিকে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে পূর্ব নির্ধারিত একটি সভা চলছিল। এরই মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হইচই করে।এ সময় তারা শোর চিৎকার করে চলে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করে।আমরা ঘটনা তদন্ত করে দেখতেছি। এর পেছনে কারা জড়িত কেনই বা তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো এসবের বিস্তারিত জেনে আমরা পুনরায় সংবাদ মাধ্যমকে অবহিত করব।