চলে গেলেন সাহিত্যিক শংকর

নিউজ ডেস্ক
সত‍্যবাণী

ঢাকা: চলে গেলেন ‘চৌরঙ্গি’র শঙ্কর। ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়। সাহিত্যজগতে যিনি শঙ্কর নামেই পরিচিত। শুক্রবার দুপুরে হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। শঙ্করের মৃত্যুতে সাহিত্যমহলে শোকের ছায়া নেমেছে। এমাসের প্রথমে ফুসফুসে সংক্রমণ নিয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাহিত্যিক। এছাড়াও বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি মস্তিষ্কে টিউমার ধরা পড়েছি তাঁর।বেশকিছুদিন হাসপাতালে থাকার পর বাড়িতে ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন।আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।তারপর থেকে হাসপাতালেই ছিলেন।শঙ্করের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাহিত্য সৃষ্টি বাংলার মানুষকে গুণমুগ্ধ করেছে। উল্লেখযোগ্য লেখনি চৌরঙ্গি, সৃষ্টি সম্রাট, সুন্দরী,জনঅরণ্য, সীমাবদ্ধ, ঘরের মধ্যে ঘর। শঙ্করের লেখা জনঅরণ্য, সীমাবদ্ধ নিয়ে সিনেমা তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। তাঁর অনবদ্য সৃষ্টি চৌরঙ্গি নিয়ে তৈরি উত্তম কুমার, অঞ্জনা ভৌমিক অভিনীত সিনেমা এখনও বাঙালির মনে জায়গা করে রেখেছে। ২০২১ সাল পর্যন্ত চৌরঙ্গি উপন্যাসটির ১১১টি সংস্করণ প্রকাশিত হয়েছে।যা বাংলা সাহিত্যে বিরল।স্বামী বিবেকানন্দকে নিয়ে একাধিক লেখা লিখেছেন তিনি।১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেছিলেন মণিশঙ্কর মুখোপাধ্যায়।পরে কলকাতায় চলে আসে তাঁর পরিবার।পরবর্তীকালে হাওড়ায় থাকতেন তিনি।সেখানেই বেড়ে ওঠা, সাহিত্যচচা।বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক শঙ্করের প্রথম বই প্রকাশিত হয়েছিল ১৯৫৫ সালে।অল্প বয়সেই লেখা কত অজানারে তাঁকে সাহিত্যজগতে পরিচিতি এনে দিয়েছিল।সেই শুরু তারপর থেকে বাঙালিকে একের পর এক সৃষ্টি উপহার দিয়ে গিয়েছেন।দীর্ঘ সাহিত্য জীবনে পেয়েছেন একাধিক সম্মান।সাহিত্য অ্যাকাডেমি থেকে বঙ্গবিভূষণ,বঙ্কিম পুরস্কার থেকে পশ্চিমবঙ্গের শেরিফ পদেও আসীন ছিলেন সাহিত্যস্রষ্টা।

You might also like