জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে,বিকেল পাঁচটার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।পরে তিনি অসুস্থতার কথা অভিনেতা শাহাদৎ হোসেন–কে জানান।দ্রুত তাঁকে ঢাকার গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিনেতা সুজাত শিমুল হাসপাতাল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন,চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে—মূলত কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই শামস সুমনের মৃত্যু হয়েছে।একসময় টেলিভিশন নাটকে নিয়মিত ও জনপ্রিয় মুখ ছিলেন শামস সুমন।মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করে পরে ছোট পর্দা ও বড় পর্দায় সমানভাবে কাজ করেছেন তিনি।তবে গত কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছিল এই অভিনেতাকে।শামস সুমন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ ও ‘হ্যালো অমিত’।২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি রেডিও ভূমিতে স্টেশন প্রধান এবং চ্যানেল আই–এর অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ রাজশাহীতে নেওয়া হবে এবং সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

You might also like