জেনজি উন্মাদনা বনাম আগামীর বাস্তবমুখী প্রতিরোধ

চৌধুরী ফরহাদ

গত কয়েক বছরে বিশ্বজুড়ে জেনজি বা নতুন প্রজন্মের এক অদ্ভুত ধরনের আন্দোলন ও অ্যাক্টিভিজম আমরা লক্ষ্য করছি।বাহ্যিকভাবে একে অধিকার আদায়ের লড়াই মনে হলেও, একটু গভীরভাবে দেখলে এর ভেতরের ফাঁকফোকর ও চরম নৈতিক অবক্ষয় স্পষ্ট হয়ে ওঠে। জেনজি প্রজন্মের বেশিরভাগ আন্দোলনই মূলত আবেগনির্ভর,বিশৃঙ্খল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘লাইক-কমেন্ট’ বা সস্তা জনপ্রিয়তার ওপর টিকে আছে। তারা প্রচলিত ব্যবস্থা বা রাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলতে চায়,কিন্তু ভাঙার পর সেই শূন্যস্থানে কীভাবে একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে হয়—সেই বাস্তব জ্ঞান বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা তাদের নেই।

সবচেয়ে ভীতিজনক বিষয় হলো,জেনজি নেতৃত্বের তথাকথিত আদর্শবাদের আড়ালে লুকিয়ে থাকা চরম দুর্নীতিপরায়ণতা।সংস্কারের স্লোগান দিয়ে সামনে আসা এই তরুণ নেতারা অত্যন্ত দ্রুত নৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ছে। ক্ষমতার সামান্য স্বাদ পেয়েই তারা ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং স্বজনপ্রীতিতে লিপ্ত হচ্ছে। যে দুর্নীতির বিরুদ্ধে তারা চিৎকার করত,আজ নিজেরা তার চেয়েও বড় দুর্নীতিবাজ হিসেবে আত্মপ্রকাশ করছে।তাদের এই ভণ্ডামি ও নৈতিক স্খলন প্রমাণ করে যে,তাদের এই আন্দোলন কোনো দেশ বা সমাজের কল্যাণের জন্য ছিল না; বরং তা ছিল স্রেফ নিজেদের আখের গোছানো এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার একটি আধুনিক হাতিয়ার।

ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমে বন্দি এই প্রজন্ম মাঠের বাস্তব কঠিন সত্যকে অস্বীকার করে এক কাল্পনিক পৃথিবীর পেছনে ছুটছে।আন্দোলনের নামে ইতিহাস, ঐতিহ্য এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সামাজিক মূল্যবোধকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। যার চূড়ান্ত ফল হচ্ছে—অর্থনৈতিক স্থবিরতা, সামাজিক বিশৃঙ্খলা এবং সাধারণ মানুষের নাগরিক জীবনের চরম ভোগান্তি।তবে ইতিহাস সাক্ষী, যেকোনো অতি-আবেগ, ভণ্ডামি ও বিশৃঙ্খলার বিপরীতে সবসময় একটি তীব্র এবং সুশৃঙ্খল পাল্টা প্রতিক্রিয়া তৈরি হয়। জেনজি-র এই দিশেহীন উন্মাদনার দিনও ফুরিয়ে আসছে। খুব শীঘ্রই এই দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের বিরুদ্ধে এক তীব্র ও কার্যকর পাল্টা আন্দোলন গড়ে উঠবে। আর এই আন্দোলনের নেতৃত্ব দেবে পরবর্তী প্রজন্ম এবং সমাজের ভুক্তভোগী সাধারণ মানুষ।

এই আসন্ন পাল্টা আন্দোলনটি হবে অত্যন্ত যৌক্তিক,বাস্তবমুখী এবং সুনির্দিষ্ট পরিকল্পনাভিত্তিক।জেনজি যেখানে আবেগে চালিত হয়ে ভাঙচুর,হুজুগ আর আর্থিক লুণ্ঠনে বিশ্বাস করে,এই নতুন প্রতিরোধ হবে তার ঠিক উল্টো।এটি কাজ করবে সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনতে,অর্থনীতিকে সচল করতে এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সততাকে পুনরুদ্ধার করতে।মাঠপর্যায়ের এই বাস্তব আন্দোলন কোনো ইন্টারনেট ট্রল বা হ্যাশট্যাগের ওপর নির্ভর করবে না; ক্ষমতার মোহে অন্ধ হওয়া জেনজি নেতৃত্বের পতন ঘটিয়ে তা গড়ে উঠবে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার ওপর ভিত্তি করে।সহজ কথায়, জেনজি প্রজন্ম সমাজকে যে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তার বিপরীতে আগামীর এই আন্দোলন হবে এক কার্যকরী দেয়াল।হুজুগের দিন শেষ করে বাস্তবমুখী ও টেকসই পরিবর্তনের এই জোরালো ধাক্কায় জেনজি-র এই অপরিপক্ক ও কলুষিত ন্যারেটিভগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য।

লেখক: কলামিস্ট ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী।

You might also like