টানা পাঁচ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নিউজ ডেস্ক
সত্যবাণী

পঞ্চগড়: পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে।টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে।শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের সর্ব উত্তরের এই জেলার মানুষের দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ।বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়েছে।রাস্তাঘাট, বাড়ির সামনে, চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুর ভোরের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মাঠে-ঘাটে বের হতে হিমশিম খেতে হচ্ছে। ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও এতে তেমন উষ্ণতা মেলেনি।

এর আগে, মঙ্গলবার ভোরেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি। টানা কয়েক দিন ধরে তাপমাত্রার এমন বড় পার্থক্য শীতের প্রকোপ আরও বাড়িয়ে দিচ্ছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন,গত পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে।সামনে আরও তাপমাত্রা কমতে পারে।

You might also like