নারায়ণগঞ্জে র্যাবের তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে জখম
নিউজ ডেস্ক
সত্যবাণী
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা।মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।এসময় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে।আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত এস আই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে র্যাব-১১-এর গোয়েন্দা শাখার পাঁচ থেকে ছয়জন সদস্য ওই এলাকায় অভিযান চালাতে যান। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।র্যাব-১১-এর সিও সাজ্জাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে কাজ করছি। অভিযান চলমান রয়েছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।