পূর্ব লন্ডনে তৌফিক ইমরোজ খালিদীর জানাজা অনুষ্ঠিত

শনিবার বাংলাদেশ পৌঁছবে মরদেহ


স্পেশাল করেসপন্ডেন্ট

সত‍্যবাণী

লন্ডন: বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর প্রথম নামাজে জানাজা আজ বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ পরিচালনা করেন ব্রিকলেইন জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম।

জোহরের নামাজের পর দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত জানাজায় তাঁর বিবিসি’র সাবেক সহকর্মী, সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দসহ পূর্ব লন্ডনের সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মসজিদ প্রাঙ্গণে মরহুমের মরদেহ রাখা হয়। সেখানে সাংবাদিক, শুভানুধ্যায়ী ও প্রবাসী বাংলাদেশিরা শেষ শ্রদ্ধা জানান।

জানাজার আগে তৌফিক ইমরোজ খালিদীর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য দেন তাঁর একমাত্র ছেলে রাদ খালিদী এবং বিডিনিউজ২৪ এর লন্ডন প্রতিনিধি, বিলেতে বাংলা মিডিয়ার প্রবীণ সাংবাদিক ও জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা।

সৈয়দ নাহাস পাশা তাঁর বক্তব্যে মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশার প্রতি তাঁর নিষ্ঠা এবং বাংলাদেশের সংবাদমাধ্যমে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি শোক কাটিয়ে উঠতে পারছি না। তৌফিক ভাইয়ের সাথে আমার যে সম্পর্ক, আমি লন্ডনে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধিত্ব করি। কিন্তু আমাদের সম্পর্কটা এর চেয়েও বেশি বন্ধুত্বের’। তিনি উপস্থিত সবাইকে তৌফিক ইমরোজ খালিদীর জন্য দোয়া করার আহ্বান জানান।

রাদ খালিদী তার বাবার আত্মার শান্তি কামনায় সকলের দোয়া চান। তিনি বলেন, পেশাগত জীবনে আব্বার কিছু আদর্শ ছিল, যেগুলোর সঙ্গে তিনি কখনও আপস করতে চাননি। তিনি বিশ্বাস করতেন সাংবাদিকতা হওয়া উচিত সৎ, নির্ভীক এবং স্বাধীন। তার কাছে সাংবাদিকতা শুধু একটি পেশা ছিল না, এটা ছিল দায়িত্ব এবং প্যাশনের জায়গা।

এসময় বিডিনিউজ২৪ এর ভারপ্রাপ্ত সম্পাদক বিশ্বদীপ দাশও উপস্থিত ছিলেন।

তৌফিক ইমরোজ খালিদী গত ২ অক্টোবর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁকে সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। জাতীয় প্রেস ক্লাব তাঁকে বাংলাদেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ হিসেবে অভিহিত করে।

শনিবার দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা তওফিক ইমরোজ খালিদীকে শেষ বিদায় জানাবেন। পরে বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন বাংলা অনলাইন সাংবাদিকতার আইকন এই সাংবাদিক।

চার দশকের সাংবাদিকতা জীবন

১৯৬৭ সালের ১৪ জুন জন্ম নেওয়া তৌফিক ইমরোজ খালিদী ১৯৮৯ সালে সাংবাদিকতা পেশায় প্রবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা শেষে তিনি ‘সানডে এক্সপ্রেস’-এ সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরবর্তী সময়ে তিনি দেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কূটনীতি, রাজনীতি, ব্যবসা, অর্থনীতি ও দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে তাঁর অনুসন্ধানী প্রতিবেদন তখন পাঠকমহলে পরিচিতি লাভ করে।

২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন। সেখানে সংবাদ ও কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠান প্রযোজনা ও উপস্থাপনার পাশাপাশি তিনি বহুল আলোচিত ‘ডিবেট’ অনুষ্ঠানও উপস্থাপনা করতেন।

বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার নতুন অধ্যায়

তৌফিক ইমরোজ খালিদীর সাংবাদিকতা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘিরে।

২০০৬ সালে তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নতুন রূপে ২৪ ঘণ্টার অনলাইন সংবাদমাধ্যম হিসেবে যাত্রা শুরু করে। বাংলাদেশের সংবাদ পরিবেশনের প্রচলিত কাঠামো থেকে ডিজিটাল যুগে প্রবেশের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রায় দুই দশক ধরে তিনি প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সংবাদ যাচাই, তথ্যের নির্ভুলতা, সূত্রের উল্লেখ এবং সম্পাদকীয় স্বাধীনতার ওপর তিনি বিশেষ গুরুত্ব দিতেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ও আন্তর্জাতিকভাবে পরিচিত অনলাইন সংবাদমাধ্যমে পরিণত হয়।

অনলাইন সাংবাদিকতার বিকাশে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে তাঁকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। আন্তর্জাতিকভাবেও ডিজিটাল মিডিয়ার উদ্ভাবনী নেতৃত্বের জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন।

প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল—সাংবাদিকতার তিন মাধ্যমেই কাজ করার বিরল অভিজ্ঞতা ছিল তৌফিক ইমরোজ খালিদীর। তাঁর কর্মজীবনের বিস্তৃতি যেমন ছিল দীর্ঘ, তেমনি বাংলাদেশের সাংবাদিকতার পরিবর্তনশীল সময়ের সঙ্গেও তাঁর পথচলা ছিল গভীরভাবে সম্পৃক্ত।

১৯৮০-এর দশকের শেষ দিকে সাংবাদিকতায় প্রবেশ করে তিনি দেখেছেন সংবাদপত্রের প্রথাগত যুগ, টেলিপ্রিন্টারের সময়, স্যাটেলাইট সম্প্রচারের উত্থান এবং শেষ পর্যন্ত ইন্টারনেটনির্ভর ডিজিটাল সাংবাদিকতার বিস্ফোরণ। শুধু পরিবর্তনের সাক্ষীই নন, বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার ভিত নির্মাণে তিনি নিজেই ছিলেন অন্যতম প্রধান কারিগর।

তাঁর মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যম হারাল একজন অভিজ্ঞ সাংবাদিক, দক্ষ সম্পাদক ও ডিজিটাল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎকে। আর পূর্ব লন্ডনের ব্রিক লেন জামে মসজিদে আজকের জানাজায় উপস্থিত মানুষের চোখে-মুখে ফুটে উঠল সেই প্রিয় সাংবাদিকের আকস্মিক বিদায়ের বেদনা।

দোয়া ও ভালোবাসায় বিদায় জানানো হলো তৌফিক ইমরোজ খালিদীকে।

You might also like