বিবিসিএ-এর টুর্ণামেন্টে জি এম, আই এম এফ এম ও ডব্লিউ এফ এম সহ তারকা দাবাড়ুদের লড়াই
স্পোর্টস করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডনঃ ১৩ই সেপ্টেম্বর রোববার পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট্স ভিত্তিক দাবা ক্লাব ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশন (বিবিসিএ) এর উদ্যোগে হয়ে গেল তারকা দাবাড়ুদের জমজমাট প্রতিযোগিতা।মাইক্রো বিজনেস পার্ক হলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা কার্যত একটি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার রূপ নেয়। বাঙালি এবং ইংলিশ দাবাড়ুদের পাশাপাশি অন্যান্য জাতিসত্তার দাবাড়ুরাও অংশ নেন এই প্রতিযোগিতায়।এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইতালি,তুরস্ক,উগান্ডা,আলবেনিয়া এবং রাশিয়ার লন্ডনভিত্তিক খেলোয়াড়রা।গ্রেটার লন্ডন এবং আশেপাশের শহরগুলো থেকে সব বয়সের চৌকস দাবাড়ুরা অংশগ্রহণ করেছেন।নরওয়ে থেকে আগত তরুণ দাবাড়ু রেফায়েল ল্যাগসিয়াস স্টুহাগের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

পাঁচ সেকেন্ড ইনক্রিমেন্টসহ দশ মিনিটের এই রেপিড টুর্নামেন্টে ছয় রাউন্ডের তীব্র প্রতিযোগিতা শেষে ওপেন সেকশনে ইন্টারন্যাশনাল মাস্টার পিটার লার্জ পাঁচ পয়েন্ট পেয়ে প্রথম, গ্রান্ড মাস্টার এনামুল হোসেন (রাজীব) এবং ওম্যান ফিডে মাস্টার রোকাইয়া রিদা সাড়ে চার পয়েন্ট পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করেন। এই তিনজন মাস্টার দাবাড়ুই বিবিসিএ সদস্য। বিবিসিএ এর অপর সদস্য মোহাম্মদ এলাহী চার পয়েন্ট পেয়ে ওপেন সেকশনের অনুর্ধ ২০০০ রেটিং প্রাইজ পেয়েছেন। এছাড়া রেফায়েল ল্যাগসিয়াস স্টুহাগ অনুর্ধ ১৯০০ এবং জাকু গাজমির অনুর্ধ ১৮০০ রেটিং প্রাইজ পেয়েছেন।অন্যদিকে মেজর সেকশনে বিবিসিএ এর সদস্য রায়াইমস চান ছয় পয়েন্টের মধ্যে ছয় পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ান হয়েছেন। বিবিসিএ এর সদস্য সঞ্জিত ও এন্ড্রিয়াস বোহনাককের এবং হেন্ডন চেস ক্লাবের ভিনেট সুদ সমান সংখ্যক চার পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন। অনুর্ধ ১৫০০ রেটিং প্রাইজ পেয়েছেন স্ল্যাও চেস ক্লাবের উইলিয়াম এলেন এবং অনুর্ধ ১২০০ রেটিং প্রাইজ পেয়েছেনা পূর্ব লন্ডনের ড্রাগহ ক্লিমেন্টস।
ক্লাবের প্রধান উপদেষ্টা আবু মুসা হাসান, সভাপতি তারেক খান,সাধারণ সম্পাদক আশরাফ হোসেন নান্নু, সহ -সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বাবু, সদস্য হাসান মুগালো ও অলিভার ফিনেগান প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এছাড়া এবারের টূর্ণামেন্টে অংশ নেয়া সকল জুনিয়ার দাবাড়ুদের মেডেল উপহার দেয়া হয়।টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারে প্রতি রোববার বিকেল তিনটা থেকে সাতটা পর্যন্ত ক্লাবের সদস্যরা মিলিত হয়ে দাবা খেলেন এবং অনুশীলন করেন। বিবিসিএ একটি উন্মুক্ত ক্লাব। বাৎসরিক মাত্র ২০ পাউন্ড চাঁদা দিয়ে সদস্য হয়ে যে কেউ দাবা খেলতে পারেন, প্রশিক্ষণ নিতে পারেন এবং ক্লাবের অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। বর্তমান ব্রিটিশ চেস চ্যাম্পিয়ান ১৭ বছর বয়সী গ্র্যান্ড মাস্টার (জি এম) শ্রেয়াশ রয়েল ২০১৫ সালে বিবিসির প্রতিষ্ঠালগ্নে ক্লাবের সদস্য ছিলেন এবং নিয়মিত ভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য,ক্লাবের দুটি টিম নিয়মিত ভাবে ঐতিহ্যবাহী লন্ডন চেস লীগে অংশগ্রহণ করে আসছে।আসন্ন অক্টোবর মাস থেকে শুরু হতে যাওয়া ২০২৬-২০২৭ সালের লন্ডন চেস লীগে বিবিসিএ’র একটি টিম ‘ডিভিশন টু’তে এবং অপর একটি টিম ‘ডিভিশন ফোর’ এ অংশগ্রহণ করবে।বিবিসিএ লন্ডন চেস লীগের ৩০ টি মেম্বার ক্লাবের মধ্যে অন্যতম একটি ক্লাব।লন্ডন চেস লীগ বিশ্বের সবচেয়ে পুরনো চেস লীগ। ১৮৮৬-৮৭ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই সংস্থাটি নিরবচ্ছিন্নভাবে চলে আসছে। ইতোপূর্বে বিবিসিএ অধুনালুপ্ত লন্ডন সামার লীগে দুই-দু’বার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব লাভ করেছে।টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টার ভিত্তিক ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের এই দাবা ক্লাবটি ২০১৫ সালে যাত্রা শুরু করার পর থেকে নিয়মিতভাবে টুর্নামেন্টের আয়োজন করে আসছে।