বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফার জীবনাবসান: সহযোদ্ধা ও স্বজনদের শেষ শ্রদ্ধা

দেয়া হয়নি রাষ্ট্রীয় মর্যাদা, শেষ যাত্রায় ছিলেন না হাই কমিশনের কোন প্রতিনিধি

নজরুল ইসলাম অকিব
সত‍্যবাণী

লন্ডন, ৬ অক্টোবর ২০২৬: যুক্তরাজ্যপ্রবাসী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের বাসিন্দা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। গত ৪টা অক্টোবর, রবিবার এই বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুতে সহযোদ্ধা, আত্মীয়-স্বজন ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তাঁর আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহযোদ্ধা এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর একাত্তরের রণাঙ্গনের সহযোদ্ধারা মরদেহের সামনে দাঁড়িয়ে স্যালুট ও শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘদিনের সহযোদ্ধাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান তাঁরা।
তবে জানাজায় বাংলাদেশ হাইকমিশনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না এবং মরদেহে জাতীয় পতাকাও দেখা যায়নি। প্রথা অনুযায়ী কোন মুক্তিযোদ্ধার মৃত‍ু‍্যুর পর শেষ যাত্রার সময় স্থানীয় হাইকমিশনের প্রতিনিধি এসে জাতীয় পতাকা দিয়ে কফিন ঢেকে দেন এবং রাষ্ট্রের পক্ষ থেকে একটি শোকবার্তা পাঠ করেন। কিন্তু সদ‍্য প্রয়াত মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফার বেলায় এ আনুষ্ঠানিকতা ছিলো অনুপস্থিত।

এ বিষয়ে জানতে চাইলে মরহুমের আত্মীয় ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান জানান, মরহুমের ফুফাতো ভাই ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী গত সোমবার সকালে ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশনকে মৃত্যুসংবাদ জানান এবং জানাজায় হাইকমিশনের প্রতিনিধির উপস্থিতির বিষয়ে যোগাযোগ করেন।

আব্দুল মান্নানের ভাষ্য অনুযায়ী, ওই ই-মেইলের কোনো উত্তর না পাওয়ায় মঙ্গলবার সকালে হাইকমিশনে ফোন করে বিষয়টি জানানো হয়। এ সময় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, আগের পাঠানো ই-মেইলটি তারা পাননি। পাশাপাশি জানানো হয়, বিষয়টি দেরিতে অবগত হওয়া এবং জানাজার সময় খুব নিকটবর্তী হওয়ায় ওই মুহূর্তে প্রতিনিধি পাঠানো সম্ভব হয়নি। তবে হাইকমিশনের পক্ষ থেকে এ জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফার শেষ বিদায়ে তাঁর একাত্তরের রণাঙ্গনের সহযোদ্ধাদের উপস্থিতি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিনের স্মৃতি ও বন্ধনের টানে সহযোদ্ধারা তাঁর জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন ফয়জুর রহমান খান, আহবাব চৌধুরী, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল মান্নান, আবু মুসা হাসান, আমির খান, আতাউর রহমান টুনু, ইঞ্জিনিয়ার মেফতাউল ইসলাম ও হুমায়ুন কবিরসহ আরও অনেকে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফার মৃত্যুতে তাঁর সহযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।এই সর্বজন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে দেশের স্বাধীনতার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, তাঁদেরই একজন সহযোদ্ধা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা। তাঁর মৃত্যুতে একজন সহযোদ্ধাকে হারালেন মুক্তিযুদ্ধের সঙ্গীরা; হারাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও এক সাহসী সন্তানকে।

You might also like