লন্ডনে জননেতা আলহাজ্ব মতিউর রহমানের স্মরণে নাগরিক শোক সভা

সৈয়দ হিলাল সাইফ
সত্যবাণী

লন্ডন: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মতিউর রহমানের স্মৃতিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হলো এক নাগরিক শোক সভা।গত ২৬ জানুয়ারি লন্ডনের একটি হলে আয়োজিত এই শোক সভায় প্রবাসী রাজনৈতিক নেতা,কমিউনিটি ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধারই প্রতিফলন ঘটায়।শোক সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলমগীর হুসেন।তেলাওয়াতের মাধ্যমে সভায় এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে উপস্থিত সবাই নীরবে স্মরণ করেন প্রয়াত এই জননেতাকে।শোক সভায় টেলিফোন কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, আলহাজ্ব মতিউর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও মানুষের নেতা। তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, রাজনীতিবিদ ও আইনজীবী শ. ম. রেজাউল করিম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা নুরুল হুদা মুকুট, যুক্তরাজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম শিপারসহ আরও অনেকে।বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম আলহাজ্ব মতিউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি সুনামগঞ্জসহ দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন। তাঁর মৃত্যুতে দল ও দেশ একজন পরীক্ষিত, দূরদর্শী ও জনদরদি নেতাকে হারিয়েছে—যা সহজে পূরণ হওয়ার নয়।

শোক সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শারব আলী, নিয়াজুল ইসলাম চৌধুরী, সহসভাপতি নাসির উদ্দীন, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হুসেন, হাসনাত আহমেদ চুন্নু, আনোয়ার হুসেন শিশু, ফয়সাল হুসেন সুমন, রাসেল আহমদ জুয়েল, অ্যাডভোকেট আল-আমিন, সোহাগ রহমানসহ আরও অনেকেই। বক্তারা তাঁদের বক্তব্যে মরহুমের ব্যক্তিজীবনের স্মৃতি, রাজনৈতিক প্রজ্ঞা ও মানবিক গুণাবলির কথা তুলে ধরেন।শেষে মরহুম আলহাজ্ব মতিউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

You might also like