শিক্ষা যখন বাণিজ্য, মানুষ গড়ার কারিগর তখন নিখোঁজ

চৌধুরী ফরহাদ

আমাদের সময়ের শিক্ষকেরা ছিলেন এই সমাজের সবচেয়ে সহজ-সরল ও নির্লোভ মানুষ।চরম অভাব-অনটনের মাঝেও তাঁরা অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন।‘নুন আনতে পান্তা ফুরানো’র সংসারে থেকেও তাঁরা কখনো নিজের আদর্শ শিক্ষক সত্ত্বা থেকে বিচ্যুত হননি।তাঁরাই ছিলেন সত্যিকারের মানুষ গড়ার কারিগর,যাঁরা নিজেরা নিঃস্বার্থভাবে ক্ষয়ে গিয়ে সমাজকে আলো দিয়েছেন।

আজকের বাস্তবতা সম্পূর্ণ উল্টো।এখন যখন দেখি একজন শিক্ষক কোটিপতি বনে গেছেন এবং বিলাসবহুল জীবন কাটাচ্ছেন,আর অন্যপাশে দেখি তাঁদেরই হাতে গড়া বর্তমান প্রজন্মের এক চরম নৈতিক অবক্ষয়—তখন প্রশ্ন জাগে,সমাজ আসলে কী অর্জন করল? অনেকে হয়তো পাল্টা প্রশ্ন করবেন,শিক্ষক কোটিপতি হোক,তা কি আপনি চান না? হ্যাঁ, আমি অবশ্যই চাই শিক্ষকেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোন,সমাজে সর্বোচ্চ সম্মানে বাঁচুন। কিন্তু সেই ধনকুবের হওয়া যখন শিক্ষাকে পণ্য বানিয়ে,কোচিং-বাণিজ্য কিংবা অনৈতিক উপায়ে শিক্ষার্থীদের পকেট কাটার মাধ্যমে আসে—তখন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষকেরা শত কষ্টের মাঝেও কখনো শিক্ষাকে বাণিজ্যের হাতিয়ার করার কথা কল্পনাও করেননি। তাঁরা নিরলসভাবে নিজেদের উজাড় করে দিয়েছেন আমাদের পেছনে। কিন্তু আফসোস, কৃতঘ্ন ছাত্র হিসেবে আমরা তাঁদের উপযুক্ত ‘গুরুদক্ষিণা’ দিতে পারিনি; আর রাষ্ট্রও তাঁদের প্রাপ্য সামাজিক ও অর্থনৈতিক মর্যাদাটুকু দেয়নি। এত অবহেলা, বঞ্চনা আর দারিদ্র্যের পরেও আমাদের প্রতি তাঁদের মনে কোনো আক্ষেপ কিংবা ক্ষোভ ছিল না। তাঁরা শিক্ষকতাকে পেশা নয়, ব্রত হিসেবে নিয়েছিলেন।

অথচ আজ মানুষ গড়ার সেই পবিত্র আঙিনায় চলছে টাকা বানানোর নির্লজ্জ প্রতিযোগিতা।শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন মানুষ গড়ার সূতিকাগার নয়,বরং সার্টিফিকেট বিক্রির করপোরেট শোরুম হয়ে উঠেছে। ফলে শিক্ষকেরা আজ টাকা বানাচ্ছেন ঠিকই, কিন্তু মানুষ বানাতে পারছেন না। জিপিএ-৫ কিংবা গোল্ডেন জিপিএ-৫ পাওয়া রোবট তৈরি হচ্ছে দলে দলে,কিন্তু সমাজ পরিচালনার জন্য যে আদর্শিক ও মানবিক গুণসম্পন্ন ‘মানুষ’ প্রয়োজন, তা আজ চরমভাবে অনুপস্থিত।আমাদের ভুলে গেলে চলবে না—পরীক্ষার খাতায় জিপিএ-৫ পাওয়া আর একজন সত্যিকারের মানুষ হওয়া কখনো এক কথা নয়।কারণ মেধা যখন নৈতিকতাহীন ও আদর্শহীন হয়,তখন তা সমাজের কোনো কল্যাণে আসে না। তাই এই বাণিজ্যিক মানসিকতা থেকে বেরিয়ে আসার এখনই সময়।রাষ্ট্রকে যেমন শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার দায়িত্ব নিতে হবে,তেমনি শিক্ষকদেরও ফিরে আসতে হবে শিক্ষকতার সেই মহান ব্রতে।অন্যথায়,জিপিএ-৫ এর সংখ্যা বাড়লেও,একটি পুরো প্রজন্ম মেরুদণ্ডহীন হয়ে পড়বে—যার মাশুল দিতে হবে গোটা জাতিকে।

লেখক পরিচিতি: কলামিস্ট ও প্রগতিশীল সমাজকর্মী।

You might also like