সুলতান শরীফের প্রতি শেষ শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার

শহীদ মিনার ও জানাজায়
মানুষের ঢল

জামাল আহমেদ খান
লন্ডন করেসপন্ডেন্ট, সত‍্যবাণী

লন্ডন: বিলেতে মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটেন প্রবাসী বাঙালিরা। 

রবিবার দুপুরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কস্থ শহীদ মিনারে প্রয়াত এই জননেতা শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছিলেন বিপুল সংখ‍্যক মানুষ। যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয় ফারুকের পরিচালনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের মরদেহে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়। সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিপুল সংখ‍্যক সাধারণ মানুষও এসময় শ্রদ্ধা জানান তাদের প্রিয় নেতাকে। 

বর্তমানে লন্ডনে বসবাসরত সদ‍্য সাবেক আও‍য়ামী লীগ সরকারের তিন চার মন্ত্রী আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, স ম রেজাউল করিম ও খালেদ মাহমুদ এবং সিলেট সিটি কর্পোরেশনের সদ‍্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান  চৌধুরীকে সাথে নিয়ে যুক্তরাজ‍্য আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানোর পর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন,  বাংলাদেশ সেন্টার এবং বিলেতের দুই প্রাচীনতম সংবাদ মাধ‍্যম সত‍্যবাণী ও জনমত পত্রিকার প্রতিনিধিরা একে একে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাঙালীর মুক্তি সংগ্রাম সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রবীন রাজনীতিক সুলতান শরীফের প্রতি। এসময় প্রয়াত সুলতান শরীফ ও মুক্তিযুদ্ধের বিদেশী সংগঠক প্রয়াত নোরা ব‍্যারিষ্টার নোরা শরীফের সন্তান ফওজিয়া শরীফ ও তার মেয়ে নিরবে দাড়িয়েছিলেন মরদেহের পাশে।

শ্রদ্ধা প্রদর্শন শেষে প্রয়াত নেতার প্রতি গার্ড অব অনার প্রদান করেন মুক্তিযোদ্ধাদের একটি গ্রুপ। গ্রুপে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, দেওয়ান গৌস সুলতান, লোকমান হোসেইন, হিমাংশু গুস্বামী, ফয়জুর রহমান খান, এনামুল হক, আবু তাহের, শহীদুল ইসলাম বাবলু, আমির খান ও আলাউদ্দিন।

শহীদ মিনারে শ্রদ্ধা প্রদর্শন শেষে নামাজে জানাজার উদ্দেশ‍্যে সুলতান শরীফের মরদেহ নিয়ে যাওয়া হয় ব্রিকলেন জামে মসজিদে। মসজিদের ইমামের নেতৃত্বে নামাজে জানাজা শেষে সুলতান শরীফের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সদ‍্য সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তাঁর প্রয়াত নেতা সুলতান শরীফের আত্মার মাগফেরাতের জন‍্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। 

আগামী মঙ্গলবার স্ত্রী নোরা শরিফের কাছে চীরনিদ্রায় শায়িত হবেন মুক্তিযুদ্ধের সংগঠক সুলতান শরীফ।

You might also like