অধ্যাপক কবীর চৌধুরীর শততম জন্মদিনে নির্মূল কমিটির নানা আয়োজন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মৌলবাদী ও সাম্প্রদায়িকতা বিরোধী নাগরিক আন্দোলনের পুরোগামী নেতা বরেণ্য বুদ্ধিজীবী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক কবীর চৌধুরীর শততম জন্মদিন।আজ থেকে আরম্ভ হবে অধ্যাপক কবীর চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মূল কমিটির বর্ষব্যাপী অনুষ্ঠান। এ উপলক্ষে বেলা ২টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ‘মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। দিনের কর্মসূচি শুরু হয় সকাল ১০টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে অধ্যাপক কবীর চৌধুরীর সমাধিতে পুস্পস্তবক প্রদানের মাধ্যমে।নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা প্রদান করেন মুক্তিযোদ্ধা সাংবাদিক আবেদ খান।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের সাম্মানিক সভাপতি নাট্যজন মুক্তিযোদ্ধা রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধে শহীদ ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী সমাজকর্মী আরমা দত্ত এমপি, নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ, কলাম লেখক মমতাজ লতিফ, মুক্তিযুদ্ধ জাদুঘর-এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি, লেখক গবেষক মফিদুল হক, নির্মূল কমিটির উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন, প্রজন্ম ’৭১-র সভাপতি শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, নির্মূল কমিটির বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’ হিন্দি বিভাগের সম্পাদক ভারতের সমাজকর্মী তাপস দাস, তুরস্কের টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিটির সাধারণ সম্পাদক লেখক ও চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি এবং নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা কাজী মুকুল।
সভার প্রারম্ভে মৌলবাদী ও সাম্প্রদায়িকতা বিরোধী নাগরিক আন্দোলনের পুরোগামী নেতা অধ্যাপক কবীর চৌধুরীর (১৯২৩-২০১১) জীবন ও কর্ম সম্পর্কে প্রামাণ্যচিত্র ‘নাই বা হলো পারে যাওয়া’র অংশবিশেষ প্রদর্শিত হয়।সভাপতির ভাষণে লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ‘২০১১ সালে মৃত্যুর পূর্বে অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বাধীন শিক্ষা কমিশন যে শিক্ষানীতি প্রণয়ন করেছিল অবিলম্বে সেই অসাম্প্রদায়িক মানবিক শিক্ষানীতি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ’৭১-এর মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালির হাজার বছরের ইতিহাস সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠক্রমের অন্তর্ভুক্ত করতে হবে। রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, সমাজ, শিক্ষা, সংস্কৃতি সর্বক্ষেত্রে বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ মানবতার দর্শনের প্রতিফলন থাকতে হবে।’
অধ্যাপক কবীর চৌধুরীর জীবন ও কর্ম আলোচনা প্রসঙ্গে শাহরিয়ার কবির বলেন, ‘বাংলাদেশের প্রতিবাদী নাগরিক আন্দোলনের পুরোগামী নেতা জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ২০১১ সালের ১১ ডিসেম্বর ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বিশ্বের বিভিন্ন দেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক আন্দোলনের নেতা ও সংগঠকদের কাছে অধ্যাপক কবীর চৌধুরী শুধু একটি পরিচিত নাম নয়Ñ সাহস ও প্রেরণারও অফুরন্ত উৎস। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে আমৃত্যু তিনি নেতৃত্ব দিয়েছেন ’৭১-এর ঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচার এবং তাদের মৌলবাদী-সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের আন্দোলনের। ১৯৯২ সালের ২৬ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধী জামায়াত নেতা গোলাম আযমের বিচারের জন্য যে ঐতিহাসিক গণআদালত বসেছিল, যেখানে সমাগম হয়েছিল পাঁচ লক্ষাধিক মানুষেরÑ তার অন্যতম বিচারক ছিলেন অধ্যাপক কবীর চৌধুরী। খালেদা জিয়ার সরকার তাঁকে ও জাহানারা ইমাম সহ গণআদালতের উদ্যোক্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছিল। শাসকশ্রেণীর ক্রোধ ও প্রতিহিংসা কখনও তাঁকে দমন করতে পারেনি। অন্যায়ের সঙ্গে কখনও আপোষ করেননি তিনি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সতের বছরে দুই শতাধিক আলোচনা সভা ও জনসমাবেশে পৌরহিত্য করেছেন তিনি, নেতৃত্ব দিয়েছেন রাজপথের মিছিলে।
‘তাঁর সুদীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শুধু ভাষা, সাহিত্য ও নন্দনতত্ত্বই পড়াননি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মৌলবাদকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছেন তিনি, পড়িয়েছেন দক্ষিণ এশিয়ায় মৌলবাদের উত্থান ও প্রকৃতি; প্রতিরোধের পথনির্দেশ করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। স্বদেশপ্রেম, মানবপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ঘুরে ফিরে বার বার উদ্ভাসিত হয়েছে তাঁর রচনায়।সত্য, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নাগরিক আন্দোলনে অধ্যাপক কবীর চৌধুরীর তারুণ্যদীপ্ত উপস্থিতি, তাঁর ভাষণ ও রচনাবলী প্রজন্ম থেকে প্রজন্মান্তরের তরুণদের আলোকিত ও অনুপ্রাণিত করছে। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির বিজয়ের ক্ষেত্র যাঁরা নির্মাণ করেছেনÑ নিঃসন্দেহে অধ্যাপক কবীর চৌধুরীর নাম অগ্রগণ্য।’
অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতায় মুক্তিযোদ্ধা সাংবাদিক আবেদ খান বলেন, ‘আমরা কবীর চৌধুরীর জন্মশতবার্ষিকী পালন করব তাঁর কর্ম ও দেখানো পথের চর্চার মাধ্যমে। পঁচাত্তরের পর যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে নানাভাবে নির্যাতিত হতে হতো তখন তিনি আমাদের পথ দেখিয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তিনি দৃঢ় অবস্থান নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য তিনি কখনো কারো সাথে আপোস করেননি। বাংলাদেশের স্বাধীনতাবিরোধীরা এখনো চক্রান্ত করে যাচ্ছে। বস্তুত, বাংলাদেশ এখনো চেতনাগতভাবে পুরোপুরি স্বাধীন হতে পারেনি। স্বাধীনতাবিরোধীদের সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি স্বাধীনতা লাভ করতে পারবে না। তাদের ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের অর্জনগুলো ঢাকা পড়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদেরকে ষড়যন্ত্রকে মোকাবেলা করেই সামনে অগ্রসর হতে হবে।’ বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে মৌলবাদীরা যে অপপ্রচার, ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে তা আমাদের সকলকে একত্রিত হয়ে রুখতে হবে। করোনার কারণে আমাদেরকে ঘরে আবদ্ধ থাকতে হলেও আমরা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের আন্দোলন চালিয়ে যেতে পারি। সুতরাং আমরা যদি যার যার জায়গা থেকে স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াই করি তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত।’
অধ্যাপক কবীর চৌধুরীর বর্ণাঢ্য জীবনের বর্ণনা দিয়ে ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের সাম্মানিক সভাপতি নাট্যজন মুক্তিযোদ্ধা রামেন্দু মজুমদার বলেন, ‘তিনি আমাদের জন্য তাঁর যে কর্মময় জীবন রেখে গেছেন তা আমাদের জন্য পাথেয় এত কাজের ফাঁকেও তিনি নির্মূল কমিটির মতো এতবড় সংগঠনের নেতৃত্ব প্রদান করেছিলেন। তাঁর শেষ সম্বল গুলশানের বাড়িটি বিক্রয় করে তিনি বাংলা একাডেমিসহ নানা সংগঠনে অর্থ দান করে গিয়েছিলেন। বঙ্গবন্ধু যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়াই করে গিয়েছিলেন। অকুতোভয় অধ্যাপক কবীর চৌধুরী যে পথে চলেছিলেন সে পথে আমরা যদি চলতে পারি তাহলেই মুক্তিযুদ্ধে চেতনা নির্ভর বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব।’
মুক্তিযুদ্ধে শহীদ ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী সমাজকর্মী আরমা দত্ত এমপি বলেন, ‘অধ্যাপক কবীর চৌধুরী কখনো মৌলবাদীদের আস্ফালনের ভীত হয়ে তাদের সাথে আপোস করেননি। তিনি আমাদের যে পথ দেখিয়ে গেছেন আমরা যেন সে পথে আজীবন চলতে পারিÑ এ কামনাই করি।নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশে বর্তমানে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের মনোজগতের প্রসার পিছিয়ে পড়েছে আশঙ্কাজনকভাবে। সমৃদ্ধ জাতি গঠন ও টেকসই উন্নয়নে অবশ্যই মানুষকে শুদ্ধাকারী ও মননশীল হতে হবে। আজ সংবেদনশীল উদার মানবিক চেতনাবোধ হারিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে বাড়ছে প্রচণ্ড ধর্মান্ধতা। সাম্প্রদায়িকতায় ছেয়ে গেছে দেশ। ফলে মানুষের জীবনাচরণ, বেশভূষা, চারিত্রিক বৈশিষ্ট্য বদলে যাচ্ছে। বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি ঐতিহ্য হারিয়ে এক কূপমন্ডুক, কুসংস্কারাচ্ছন্ন জাতির সৃষ্টি হচ্ছে। যারা গান, নাচ, যাত্রা, পালা শোনে না, করে না। সমবেত হয় ওয়াজ মাহফিলে। শোনে ধর্মান্ধ গোষ্ঠীর এক পেশে বয়ান। হিংসা বিদ্বেষে ভরা অপসংস্কৃতির ভাষণ। যার ফলে জঙ্গিবাদসহ নানা রকম অশুভ তৎপরতায় দেশ ভরে যাচ্ছে। তাই অবকাঠামোর উন্নয়নের সাথে একইভাবে থাকতে হবে উপযুক্ত শিক্ষা ও সংস্কৃতি চর্চা। না হলে সোনার বাংলার স্বপ্ন সম্পূর্ণতা কতখানি পাবে বলা যায় না। আজ প্রত্যাশা ও প্রাপ্তির দোলাচলে জাতিকে গভীরভাবে তা ভাবতে হবে।’
নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ, কলাম লেখক মমতাজ লতিফ বলেন, ‘আমরা যতক্ষণ না পর্যন্ত বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনতে পারব ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারব না। বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা না গেলে সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক সময়ে বর্বরোচিত হামলার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। সুতরাং আমরা চাই, দ্রুত বঙ্গবন্ধু রচিত বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও স্বাধীনতাবিরোধীদের দমন করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা হোক।মুক্তিযুদ্ধ জাদুঘর-এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি, লেখক গবেষক মফিদুল হক বলেন, ‘পঁচাত্তর পরবর্তী তামসিক বাংলাদেশকে আজকে উন্নয়নের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যাঁদের ভূমিকা রয়েছে তাঁদের মধ্যে অধ্যাপক কবীর চৌধুরীর ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে কবীর চৌধুরী যে লড়াই করেছিলেন তা আজও আমাদের জন্য পাথেয়। শিক্ষা সংস্কৃতির জন্য তিনি যে কাজগুলো করে গিয়েছিলেন তা তাঁর চলে যাওয়ার পর অনেকটা স্তিমিত হয়ে গেছে। আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ও সংস্কৃতি সপ্তাহ আর পালন করা হয় না। এমনিভাবে প্রগতিশীল কাজগুলো এখন স্থিমিত হয়ে গেছে। আমরা চাই, কবীর চৌধুরীর ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।’
নির্মূল কমিটির উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে আমাদের প্রাপ্তির পাল্লাই ভারি হলেও যে অপ্রাপ্তিগুলি রয়েছে তা খুব নগন্য হলেও গুরুত্বপূর্ণ। আজ আমাদের নীতি-নৈতিকতার যে অবস্থা তা একেবারে তলানীতে গিয়ে ঠেকেছে। আমরা যদি খুব দ্রুত এই অবস্থা থেকে উত্তরণ করতে না পারি তাহলে আমাদের যে অর্জন তা অচিরেই ম্লান হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে যেভাবে দেশকে নেতৃত্ব প্রদান করছেন, আসুন আমরা সম্মিলিতভাবে তাঁর হাতকে আরো শক্তিশালী করি।প্রজন্ম ’৭১-র সভাপতি শহীদসন্তান আসিফ মুনীর তন্ময় বলেন, ‘মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর প্রাপ্তি-অপ্রাপ্তি দুটোই আছে। বেশ কিছু যুদ্ধাপরাধীদের বিচার ও রায় হয়েছে, কিন্তু সকল রায় কার্যকর করা যায়নি। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণজাগরণ সৃষ্টি হতে দেখলাম, আবার সেই আন্দোলন বিভক্তি-বিভ্রান্তিতেও আচ্ছন্ন হয়ে গেল। জামায়াত রাজনৈতিক দল হিসেবে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এখনও জামায়াত ও ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা যায়নি। আর শহীদসন্তান হিসেবে জাতির কাছে দাবি থাকবেÑ সমন্বিত উদ্যোগে সকল শহীদের তালিকা প্রণয়ন, শহীদ বুদ্ধিজীবীদের লেখা সংরক্ষণ ও প্রচার, শহীদজায়াদের রাষ্ট্রীয় সম্মান প্রদান ও পাঠ্যপুস্তক ও অনলাইনে শহীদদের এলাকা ভিত্তিক সংক্ষিপ্ত জীবনী সন্নিবেশিত করা। এছাড়া বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য রাষ্ট্রীয় তৎপরতা বাড়াতে হবে।’
নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ এনামুল ইসলাম বলেন, ‘অধ্যাপক কবীর চৌধুরী ছিলেন একজন আদর্শ বাঙালির প্রতিকৃতি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ক্রান্তিলগ্নে তিনি বাঙালি নাগরিক সমাজকে পথ দেখান। স্বাধীনতা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় তাঁর যে অবদান তা কখনো ভোলার নয়।নির্মূল কমিটির বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’ হিন্দি বিভাগের সম্পাদক ভারতের সমাজকর্মী তাপস দাস বলেন, ‘মুক্তিযুদ্ধ হলো দ্বিজাতিতত্ত্বের মত এক ধর্মীয় বিচ্ছিন্নতাবাদী ধারণার বিরুদ্ধে একটি গঠনমূলক মতবাদ। তবে যে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের চেতনা বুকে লালন করে বাঙালিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল স্বাধীনতার ৫০ বছর পর তা বহুলাংশে দমিত অবস্থায় রয়েছে। তাই বর্তমানে বাংলাদেশ উন্নয়নের বিভিন্ন সূচকে উপরের দিকে থাকলেও যতক্ষণ না বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শকে নিজ ভূমিতে প্রতিস্থাপিত করতে পারছে, ততক্ষণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পন্ন হবে না।’
তুরস্কের টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিটির সাধারণ সম্পাদক লেখক ও চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি বলেন, ‘প্রত্যাশা তো সবসময় থাকবে দুর্নীতি, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ইত্যাদি দূষণ থেকে মুক্ত একটি বাংলাদেশের। কিন্তু পৃথিবী কখনও পুরোপুরি দুষণমুক্ত হয় না। আর তাই আমাদের আশা না হারিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। কবির চৌধুরীর মতো ব্যক্তিত্ব আমাদের এই পথে সবসময় অনুপ্রেরণা। বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো এবং তাঁদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা তৈরিতে আমরা চেষ্টা দেখি, প্রকল্প, পরিকল্পনা, বাস্তবায়ন সব দেখি। কিন্তু এর বিরুদ্ধে চক্রান্তগুলোকেও চিহ্নিত করে সেগুলো নির্মূল করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করে তোলার জন্য সরকারের মিশনদের সচেষ্ট হতে হবে, নাগরিক সমাজের সঙ্গে মিশনগুলোর যৌথ প্রচেষ্টা এক্ষেত্রে অনেক বেশি ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে। এই যেমন: “তুর্কিয়ে বঙ্গবন্ধু’য়ু আনিওর” (তুরস্কে বঙ্গবন্ধু) শিরোনামে আমি তুরস্কে বঙ্গবন্ধুর উপর একটি প্রামাণ্যচিত্র বানিয়েছি, তুর্কি ভাষায়। তুরস্কের বিশিষ্ট নাগরিকবৃন্দ বাংলাদেশ ও বঙ্গবন্ধু সম্পর্কে কি ভাবছেন সেটিই জানার চেষ্টা করেছি এই প্রামাণ্যচিত্রে।নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা কাজী মুকুল বলেন, ‘বাংলাদেশে একাত্তরের ঘাতক দালাল, জঙ্গি, মৌলবাদী ও স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের অন্যতম মূল পুরোধা ছিলেন অধ্যাপক কবীর চৌধুরী। তাঁর যে দর্শন ছিল আমরা যেন তার পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটাতে পারি।