এবার গ্রেপ্তার এসপি আজাদ, নজরদারিতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গতকাল বুধবার (২৬ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।তিনি গাজীপুরের ওই প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন।ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।ডিবি প্রধান জানান,২০১৫ সালের জানুয়ারিতে ঢাকার খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।মামলায় তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।জানা গেছে,আবুল কালাম আজাদ গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।আটক আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়।
এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের জানান,রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে।পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি জোরদার করেছে পুলিশ সদর দপ্তর।তিনি জানান, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।কামারুম মুনিরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরও জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করার পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর।ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।