ইরানে বাংলাদেশ দূতাবাস থেকে নামিয়ে ফেলা হয়েছে প্রধান উপদেষ্টার ছবিও
মুহাম্মদ আব্দুস সাত্তার
এডিটর এট লার্জ, সত্যবাণী
লন্ডন: ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে নামিয়ে ফেলা হয়েছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্ছমদ ইউনুসের ছবিও।
শুক্রবার রাতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্যে মৌখিক নির্দেশ দেওয়ার পর তেহরান দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেন। একই সাথে তাঁরা আরও একটি কাজ করেন, তাঁরা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের ছবিটিও একই সাথে নামিয়ে ফেলেন বলে জানা গেছে।
২০২৪-এর ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের পর দূতাবাস কর্মকর্তারা রাষ্ট্রদূতের অফিসসহ দূতাবাসের বিভিন্ন কক্ষে টানানো শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছিলেন।
৮ আগস্ট ড. মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর তেহরানের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা – এই দুজনেরই দুটি ছবি বাঁধাই করে রাষ্ট্রদূতের অফিস কক্ষে টানানো হয়েছিল।
একটি সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা আসার পর এখন রাষ্ট্রপতির ছবির পাশাপাশি প্রধান উপদেষ্টার ছবিটিও সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু কেন প্রধান উপদেষ্টার ছবিও সরিয়ে ফেলা হলো, তার কোন কারণ জানা যায়নি।