ঈদে পর্যটকের ঢল সামলাতে কতটা প্রস্তুত শ্রীমঙ্গল? প্রকৃতির মোহ,পর্যটনের সম্ভাবনা আর অব্যবস্থাপনার পুরনো বাস্তবতা
সংগ্রাম দত্ত
সত্যবাণী
শ্রীমঙ্গল: প্রকৃতির আপন খেয়ালে সাজানো পাহাড়, দিগন্তজোড়া চা-বাগান, হাওর, লেক আর বনভূমির অপরূপ সমাহারে মৌলভীবাজার যেন বাংলাদেশের এক জীবন্ত সবুজ ক্যানভাস। আর সেই জেলার প্রাণকেন্দ্র শ্রীমঙ্গল—যাকে বলা হয় দেশের “চায়ের রাজধানী” ও অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী। প্রতি বছর ঈদ এলেই এখানে নামে পর্যটকের ঢল। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটিকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠছে পুরো জেলা।পর্যটন সংশ্লিষ্টদের আশা, দীর্ঘ এই ছুটিতে দেশজুড়ে ভ্রমণপিপাসু মানুষের অন্যতম প্রধান গন্তব্য হবে শ্রীমঙ্গল। নীল আকাশ, সাদা মেঘ, পাহাড়ি বাতাস আর সবুজ চা-বাগানের টানে হাজার হাজার মানুষ ছুটে আসবেন এখানে। তবে প্রকৃতির মোহনীয় সৌন্দর্যের পাশাপাশি এবারও সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন—পর্যটকদের বরণ করতে বাস্তবিক অর্থেই কতটা প্রস্তুত শ্রীমঙ্গল?