কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ,আহত ১৫
নিউজ ডেস্ক
সত্যবাণী
কুমিল্লাঃ কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমের কন্যা ও বিএনপির একাংশের নেত্রী সামিরা আজিম দোলার উঠান বৈঠক চলাকালে অপর অংশের নেতাকর্মীরা হামলা চালায়।হামলাকারীরা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো.আবুল কালামের অনুসারী বলে অভিযোগ করেছেন দোলা সমর্থকরা।
এ সময় সামিরা আজিম দোলা, বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনসহ প্রায় ১০ জন আহত হন। হামলাকারীরা দোলা আজিমের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দোলা আজিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।দোলা আজিমের সমর্থকরা অভিযোগ করেন,“আবুল কালাম গ্রুপের নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় ও অতর্কিত হামলা করে।অন্যদিকে,ঘটনাটির পর সন্ধ্যায় লাকসাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আবুল কালামপন্থীরা অভিযোগ অস্বীকার করেন।উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নুর উল্লাহ রায়হান বলেন,আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দোলা আজিমের সমর্থকরাই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে।এতে আমাদেরও ৫ নেতাকর্মী আহত হয়েছেন।এদিকে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ জমা দেয়নি।ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।