কেনিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
নিউজ ডেস্ক
সত্যবাণী
নাইরোবি,কেনিয়া: কেনিয়ার রাজধানী নাইরোবিতে বাংলাদেশ হাই কমিশন যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিনব্যাপি কর্মসূচীর মাধ্যমে আজ ২১ ফেব্রুয়ারি ২০২২ মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। দিনের শুরুতে, হাই কমিশনার তারেক মোহাম্মদ মিশন চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।মিশনের সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন। এরপর, মিশনে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ দিবস উপলক্ষে প্রাপ্ত রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী’র বাণী পাঠ করা হয়। এ পর্বের শেষে, ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সন্ধ্যায়, মিশনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে যথাযথ স্বাস্থ্যবিধির অনুসরণে আয়োজিত এ অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক দেশি-বিদেশি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্যে হাই কমিশনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানান। ভাষা আন্দোলনে জাতির পিতার অনন্য অবদান আর শহিদ ভাষা সৈনিকদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধায় স্মরণ করে তিনি বাংলাসহ অন্যান্য মাতৃভাষার মর্যাদা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেষ্ট থাকতে বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি’র স্বীকৃতি অর্জনে অসামান্য অবদানের জন্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ ও কেনিয়ার অধিকতর সাংস্কৃতিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে আগামীতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণে আন্তর্জাতিকে মাতৃভাষা দিবস উদযাপন করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর দেশি-বিদেশি শিশু-কিশোরদের পরিবেশনা এবং প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে দেশজ সংস্কৃতির এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।