খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার গুলি
নিউজ ডেস্ক
সত্যবাণী
খুলনা: খুলনায় দুর্বৃত্তরা রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে ।গতকাল সোমবার নগরীর লবণচরা থানার কোবা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে আবারও গুলি ছোড়ে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।এ সময় অ্যাম্বুলেন্সচালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে আশ্রয় নেন।পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়া হয়।রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।একটি গুলি তার পেটে বিদ্ধ হয়।সন্ত্রাসীদের দুটি গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে তাকে গুলি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন,গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালিয়েছি বলে শুনেছি। পরে তারা আমাদের কাছে নিরাপত্তা চায়। পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করে দেওয়া হয়।লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ বলেন, রাজুর ওপর গুলির ঘটনা কখন ও কোথায় ঘটেছে—এখনো স্পষ্ট নয়। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাওয়া যায়। তার বিরুদ্ধে থানায় চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, লবণচরায় যুবককে গুলির ঘটনা শুনেছি। তবে অ্যাম্বুলেন্সে গুলির ঘটনার বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।