খুলনার রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
সত্যবাণী
খুলনা: খুলনার রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার সন্ধ্যা ৭টার দিকে রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন। বুলু স্থানীয়ভাবে একজন সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।নগরীর লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং তাৎক্ষণিকভাবে নৌপুলিশকে অবহিত করেন,কারণ মরদেহটি নদীর পানিতে ছিল।নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন বলেন,“উদ্ধারের সময় নিহতের পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টিশার্ট।তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল।মৃত্যুর সঠিক কারণ জানতে পিবিআই ও সিআইডির একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।এছাড়াও খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।