খুলনা-মোংলা মহাসড়কে বাস-মাইক্রো সংঘর্ষে দুই শিশুসহ নিহত ১২
নিউজ ডেস্ক
সত্যবাণী
খুলনা: বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় একটি মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টার দিকে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে আট জনের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।অন্য চার জনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে জানিয়েছেন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল।
ডা. সুকান্ত কুমার পাল বলেন,দুর্ঘটনায় আহতদের মধ্যে চারটি লাশ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।আহত কয়েকজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মেহনাজ মোশাররফ বলেন,সড়ক দুর্ঘটনায় নিহত শিশুসহ আট জনের লাশ আমাদের হাসপাতালে এসেছে।মৃত অবস্থায় তাদের আনা হয়।’বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। বেলাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই তিন নারীসহ চার জনের মৃত্যু হয়।স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল।নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।হতাহতদের বিস্তারিত পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।