‘গাঁজাখুরি গল্প’, আবু বাকেরের অভিযোগ নিয়ে বললেন মির্জা আব্বাস
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডাকসুর ভোটের দিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছেন বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। তবে এ অভিযোগ নাকচ করেছেন বিএনপির এই নেতা। মির্জা আব্বাস তার এই অভিযোগকে ‘গাঁজাখুরি গল্প’ আখ্যায়িত করেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস গুলশানে ছিলেন। তিনি এখন স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিচ্ছেন।এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ক্ষোভ ঝারেন। তিনি গণমাধ্যমকে বলেন, কারা এমন গুজব ছড়িয়েছে এটা বের করতে হবে। এজন্য দোষীকে শাস্তির আওতায় আনতে হবে। মির্জা আব্বাস আমার রুমে আসছে-এমন গুজব কিভাবে ছড়ায়। সিসি ক্যামেরা দেখলেই সব পরিস্কার হবে।মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ হয়। এখন চলছে ভোট গণনা। এর মধ্যে বিভিন্ন প্রার্থী নির্বাচনে নানা অভিযোগ নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হচ্ছেন।