গাইবান্ধায় থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত করা যুবকের লাশ মিলল পাশের পুকুরে

নিউজ ডেস্ক
সত্যবাণী

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি।ছুরিকাঘাতের পর অভিযুক্ত যুবক রাইফেল ছিনতাইয়ের চেষ্টা করেও ব্যর্থ হয়ে পালিয়ে যান। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।পরদিন সেই অজ্ঞাত ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।ঘটনার পরদিন শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯ টার দিকে থানার পেছনে সাঘাটা হাই স্কুলের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।পরে তার পকেট থেকে গাইবান্ধা কারিকারি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী প্রবেশপত্র দেখে তার পরিচয় মেলে।তার নাম সিজু মিয়া (২৫), তিনি গাইবান্ধা সদর উপজেলার বাগুড়িয়া গ্রামের দুলালা মিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এক অজ্ঞাতপরিচয় যুবক হঠাৎ থানার ভেতরে ঢুকে এএসআই (সহকারী উপ-পরিদর্শক) মহসিনকে ছুরিকাঘাত করে এবং তার রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আহত মহসিনের চিৎকারে তাৎক্ষণিকভাবে অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে যুবকটি পালিয়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়ে। আহত এএসআই মহসিনকে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ঘটনার পর থেকেই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাতভর পুকুরে তল্লাশি অভিযান চালান। পরে শুক্রবার সকাল ১০ টার দিকে পুকুর থেকে অভিযুক্ত যুবকের মরদেহ উদ্ধারকরা হয়।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনার সংবাদ পেয়ে রংপুর বিভাগের জিআইজি আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু গণমাধ্যমকে জানান, ওই যুবক বৃহস্পতিবার রাতে মোবাইল হারানো জিডি করার জন্য এসে ছিলেন। কিন্তু বিষয়টি গাইবান্ধা সদর থানার অধিনে হওয়ায় তাকে পুলিশ বুঝিয়ে বিদায় করে। পরবর্তী রাত পোনে ১০টার দিকে আবার এসে ডিউটিরত পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় এএসআই মহসিন বাধা দিলে যুবক তাকে উপর্যপরি ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে পুকুরে ঝাঁপ দেয়। পরদিন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীর দলের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।তিনি বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাতার না জানার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

You might also like