চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট ভেঙে নিয়ে গেল আন্দোলনরত শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
সত্যবাণী

চট্টগ্রামঃ সারাদেশে একসঙ্গে এইচএসসি পরীক্ষা নেওয়াসহ ৩ দাবিতে চট্টগ্রাম নগরীতে সকাল থেকে বিক্ষোভের পর বিকেলে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের একটি অংশ খুলে নিয়ে গেছে শিক্ষার্থীরা।বোর্ড সংশ্লিষ্টরা বলছেন,মঙ্গলবার বিকালে বিক্ষুদ্ধ একদল শিক্ষার্থী শিক্ষা বোর্ডে প্রবেশের চেষ্টা করে।ঢুকতে না পেরে তারা বোর্ডের প্রধান গেইটের একটি অংশ খুলে নিয়ে মিছিল করতে করতে চলে যায়।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন,সকালে বোর্ডের সামনে শিক্ষার্থীরা ২ নম্বর গেইটে গিয়ে অবস্থান নেয়।সেখান থেকে আবার বিকালে এসে স্মারকলিপি দিয়ে গেছে।তাদের মধ্যে আবার একটি পক্ষ ধাক্কাধাক্কি করে বোর্ডের প্রধান গেইটের একটি অংশ খুলে পুনরায় ২ নম্বর গেইটের দিকে চলে যায়।এদিকে সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার বেলা ১১টায় আবার একই জায়গায় বিক্ষোভের ঘোষণা দিয়ে সড়ক ছেড়ে চলে গেছে।

এর আগে তিন দফা দাবিতে সকালে সিডিএ অ্যাভিনিউ সড়কে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী।দুপুরে ষোলশহর ২ নম্বর গেইট মোড়ে অবস্থান নেন তারা।এ সময় সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সারা দেশে প্রতিটি শিক্ষা বোর্ডে একসঙ্গে পরীক্ষা নিতে হবে।কোনো একটি বোর্ডে পরীক্ষা স্থগিত রেখে অন্য বোর্ডে পরীক্ষা নেওয়া যাবে না।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত সোমবার যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি,তাদের জন্য আবার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে।সাম্প্রতিক বন্যায় যেসব শিক্ষার্থীর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দ্রুত নতুন করে তা সরবরাহ করতে হবে।শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন সকালে বলেন,বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডে আগে থেকেই আগামী ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা আছে।সব মিলিয়ে আমাদের চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

You might also like