চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ফারিয়ার পক্ষে লড়তে চান ফজলুর রহমান

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ এবার নিজের বিপক্ষে স্লোগান দেওয়া সেই ফারিয়া আক্তার তমার পক্ষে কোর্টে লড়াই করার ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ফজলুর রহমান। পদ স্থগিত হওয়া বিএনপির এই নেতা বলেন, যেই মেয়ে আমার বাড়ির সামনে বলেছে, ফজু পাগলা গ্রেফতার না হলে যাব না এখান থেকে, সেই মেয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে। এখন তাকে আমার ছাড়াতে হবে। আমি ওই মেয়েটির পক্ষে কোর্টে দাঁড়াব। আমি ছাড়াব না কেন, এরা তো আমার মেয়ে। এগুলোকে জামায়াত নষ্ট করছে, ঠিক করতে হবে আমার। আমি দেশের ভালো চাই, আমি এদের ভালো করতে চাই।একইসাথে তিনি অভিযোগের সুরে বলেন, জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, তা এখনো বাস্তবায়ন হয়নি। দেশে এখনো মনুষ্যত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে আজ বাঙালিদের সব আছে, শিল্প-কারখানা থেকে সেনাবাহিনীতে জেনারেল পদ পর্যন্ত।তিনি যোগ করেন, এখন বলা হয় ১৯৭১ সালের যুদ্ধ ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল। এর চেয়ে নিমকহারামি আর কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস কখনো ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধ-বিরোধীরাও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে পারবে না। মিরজাফরের বিশ্বাসঘাতকতা যেমন আজও উচ্চারিত হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসও তেমনি চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ার জেরে ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে তার সেগুনবাগিচার বাসার নিচে গত ২৫ আগস্ট অবস্থান নেয় এক গোষ্ঠী। সেখানে অংশ নিয়েছিলেন ফারিয়া আক্তার তমা, যাকে গেল ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

You might also like