জামায়াত-শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান: ছাত্রদল সভাপতি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের আশ্রয়দাতা পাকিস্তান বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নারী নিপীড়নের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।মানববন্ধনে তিনি বলেন,জামায়াত-শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান। একমাত্র বিএনপি-ছাত্রদলই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে।তিনি প্রশ্ন তোলেন,ইসলাম প্রতিষ্ঠার নামে যারা গণহত্যা ও ধর্ষণ চালিয়েছে,তারা কি কোরআনের কোনো আয়াত থেকে অনুমতি নিয়েছিল?

ইসলামি ব্যাংকের আর্থিক সহায়তা বন্ধ হয়ে গেলে শিবিরের কার্যক্রম ভেঙে পড়বে দাবি করে রাকিব অভিযোগ করেন, বিতর্কিত ব্যক্তি ফরহাদসহ অনেককে রক্ষায় প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে।বট আইডি প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর প্রমাণিত হয়েছে। একটি চক্র প্রযুক্তির আড়ালে মওদুদীবাদী রাজনীতি চালাচ্ছে। বট আইডিধারীদের ব্যালটে জবাব দিন, ডাকসু-জাকসু নির্বাচনে তাদের প্রতিহত করুন।ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে রাকিব বলেন, ঢাবিতে আপনাদের আত্মস্বীকৃত কর্মীর সংখ্যা কত? যদি প্রকাশ্যে আসতে লজ্জা পান, তবে চুড়ি-বোরকা পরে রাজনীতি করুন।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের রাজনীতি থেকে দূরে রাখতেই শিবির সক্রিয়ভাবে কাজ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় নারীদের বিরুদ্ধে সাইবার হামলায় শিবির কর্মীদের সংশ্লিষ্টতা স্পষ্ট। ভিসি ও প্রক্টরের প্রশ্রয়ে আজও ক্যাম্পাসে গোপন রাজনীতি চলছে।ডাকসু নির্বাচন প্রসঙ্গে নাছির আরো বলেন, গুপ্ত সংগঠনকে ব্যালটে হারাতে না পারলে নারীরা নিরাপদ থাকবে না। যারা একদিন হলে হলে গণহত্যায় সহযোগী ছিল, তাদের ক্ষমতায় আনা হবে ইতিহাসের কাছে অপরাধ।

You might also like