টিউলিপের সাথে দেখা করছেন না ড. ইউনূস
মুহাম্মদ আব্দুস সাত্তার
এডিটর অ্যাট লার্জ, সত্যবাণী
লন্ডন: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ব্রিটিশ পার্লামেন্টের লেবার দলীয় সদস্য ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সাথে দেখা করবেন না।
ড. ইউনুসের চার দিনব্যাপী লন্ডন সফরের প্রাক্কালে টিউলিপ তাঁকে লেখা এক চিঠিতে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতপ্রার্থী হয়েছিলেন। এতে তিনি বলেছিলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে কল্পিত অভিযোগ এনে তাঁকে অভিযুক্ত করেছে। প্রধান উপদেষ্টার সাথে এ নিয়ে তিনি খোলামেলা কথা বলতে আগ্রহী, তিনি চান এ সম্পর্কে সব ‘ভুল বোঝাবুঝির’ অবসান হোক।
ড. ইউনুস টিউলিপের সাথে সাক্ষাতের প্রস্তাব গ্রহণ করেন নি। তিনি বলেছেন, টিউলিপের বিরুদ্ধে দুদকের তদন্ত একটি আইনগত বিষয়। একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এটি রয়েছে। ব্যক্তিগত কোন বিষয় নয় এটি। সুতরাং, তাঁর সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না।