ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫
নিউজ ডেস্ক
সত্যবাণী
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক,সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।ঘটনা সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্নে ঘটেছে।এটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হিলাল উদ্দিন আহাম্মেদ।প্রত্যক্ষদর্শীরা জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে নাঙ্গলকোটগামী সিএনজি এবং একটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে জড়ায়।সংঘর্ষের পর সিএনজিটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে চলে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলেই দুই পুরুষ ও এক নারী নিহত হন। নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।আহতরা হলেন আবু তৈয়ব (২৬),আব্দুর রহিম (২৭), অটোচালক মাহবুবুল হক এবং আনোয়ারা বেগম (৪২)।তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আব্দুর রহিম,আনোয়ারা বেগম, আবু তৈয়বসহ আরও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অটোরিকশাচালক মাহবুবুল হক জানান, ট্রাকটি বেপরোয়া গতিতে আসায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির পেছনে ধাক্কা দেন, যা ত্রিমুখী সংঘর্ষের কারণ হয়েছে।ওসি হিলাল উদ্দিন আহাম্মেদ জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।