দেশে চাঁদাবাজি-হত্যা-ধর্ষণ-দুর্নীতি মহামারির মতো ছড়িয়ে পড়েছে: ফয়জুল করিম
নিউজ ডেস্ক
সত্যবাণী
পটুয়াখালী: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন,দেশে আজ চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ ও দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। চাঁদা না দেওয়ার কারণে নিরপরাধ মানুষ খুন হচ্ছে,সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে।সাধারণ মানুষ পরিবর্তনের জন্য আন্দোলন করেছে,কিন্তু ক্ষমতায় গিয়ে যদি আবারও লুটপাট,জুলুমবাজি,ধর্ষণ ও ব্যভিচার হয় তবে জনগণ তা মেনে নেবে না।বুধবার (১ অক্টোবর) বিকাল ৫টায় পটুয়াখালী শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসর সকল রাজনৈতিক দল নিষিদ্ধ এবং সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।
মুফতি ফয়জুল করিম বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্য থাকবে না। গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। কেউ খোলা আকাশের নিচে ঘুমাবে না, চিকিৎসার অভাবে মরবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। এজন্য শুধু নেতৃত্ব নয়, নীতির পরিবর্তন প্রয়োজন।পটুয়াখালী-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মুফতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী-৪ আসনের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, পটুয়াখালী-৩ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দীক, জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, সেক্রেটারি এইচ এম আব্দুল হাকিম, সদস্য আলহাজ্ব মাওলানা আবুল হাসান বোখারী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মাওলানা মো. আবু সাঈদ, জাতীয় শিক্ষা ফোরাম জেলা সভাপতি মাওলানা মুহা. আনছার উল্লাহ আনছারী, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি অধ্যাপক মো. আনছার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সভাপতি হাওলাদার মাওলানা আলী হাসান রুহানী এবং ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মদ মিরাজ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।আয়োজক কমিটির সমন্বয়ক আলহাজ্ব আব্দুল গণি হাওলাদার ও যুগ্ম সমন্বয়কারী মাস্টার মুহাম্মদ সিদ্দিকুর রহমান সমাবেশটি সঞ্চালনা করেন।