পায়েস বিক্রির টাকায় হজ করে নজির গড়লেন ১০৪ বছরের বৃদ্ধা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ইন্দোনেশিয়া: বয়স যে কেবলই একটি সংখ্যা,তা আবারও প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার এক বৃদ্ধা।নাম তার মবাহ মারসিয়াহ।চলতি বছর বিশ্বের সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে পবিত্র হজ পালন করে অনন্য এক নজির স্থাপন করেছেন ১০৪ বছর বয়সী এই নারী। মক্কার পবিত্র ভূমিতে পা রেখে পূরণ করেছেন জীবনের শ্রেষ্ঠতম স্বপ্ন।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরি অঞ্চলের বাসিন্দা মারসিয়াহ এ বছর তার দেশের ২ লাখ ২১ হাজার হজযাত্রীর বিশাল প্রতিনিধিদলের সঙ্গে মক্কায় আসার সুযোগ পান।শতবর্ষী এই বৃদ্ধার হজের যাত্রাটা মোটেও সহজ ছিল না।
পেশায় মারসিয়াহ একজন সাধারণ পোরিজ (ঐতিহ্যবাহী জাউ বা পায়েসজাতীয় খাবার) বিক্রেতা।বহু বছর ধরে পায়েস বিক্রি করে অল্প অল্প করে টাকা জমাতেন তিনি।হজ মিডিয়া সেন্টারকে মারসিয়াহ জানান,জমানো টাকাগুলো তিনি যত্নে একটি বিশেষ কৌটায় রেখে দিতেন।টাকা জমানোর ক্ষেত্রে কখনো ঘাটতি হলে তার ছেলে সেই টাকা দিয়ে সহযোগিতা করতেন।তবে জীবনের এই বড় স্বপ্নের কথা শুরুতে কাউকেই জানতে দেননি মারসিয়াহ; এমনকি নিজের ঘনিষ্ঠ আত্মীয় কিংবা প্রতিবেশীদেরও নয়।পর্যাপ্ত অর্থ জমা হওয়ার পর ২০২১ সালে তিনি হজের জন্য চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেন।১৯২১ সালের ১ জুলাই জন্ম নেওয়া মারসিয়াহর শরীর শত বছরের নানা জটিলতায় এখন অনেকটাই নুয়ে পড়েছে।লাঠির সহায়তায় কিছুটা হাঁটতে পারলেও হজের পুরো আনুষ্ঠানিকতায় তিনি হুইলচেয়ার ব্যবহার করেছেন।গত ২২ মে (শুক্রবার) নিজের ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছান তিনি।অদম্য ইচ্ছা,বছরের পর বছর ধরে করা ধৈর্যশীল সঞ্চয় এবং পরিবারের সহযোগিতায় অবশেষে হজের স্বপ্ন ছুঁয়েছেন ১০৪ বছর বয়সী এই নারী।