প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন।এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়।এ সময় লাঠিচার্জ,টিয়ারশেল,সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।বুধবার (২৭ আগস্ট) দুুপুর পৌনে ২টা নাগাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন।এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ এলাকা।তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’,‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।
প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো-
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEB-BAETE এক্রিডেশনের আওতায় আনতে হবে।