ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নদীতে

নিউজ ডেস্ক
সত্যবাণী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ ফেরিঘাটে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার শীতলক্ষ্যা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,বিকাল সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ ফেরিঘাট দিয়ে পারাপারের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকার পন্টুন দিয়ে ফেরিতে ওঠে।এ সময় হঠাৎ গাড়িটি ফেরি থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে গিয়ে মাঝ নদীতে ভেসে যায়।ভাসমান গাড়ি থেকে নৌকার সাহায্যে চালককে উদ্ধার করেন স্থানীয়রা।পরে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদী থেকে গাড়িটি উদ্ধার করে।প্রত্যক্ষদর্শী সগির মিয়া জানান,গাড়িটি পানিতে ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গেই খেয়াঘাটের মাঝি ও উপস্থিত জনতা নৌকা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।এ সময় গাড়ির জানালা দিয়ে চালককে উদ্ধার করা হয়।বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সঞ্চয় খান বলেন,বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেলে আমাদের ডুবুরি দল কাজ শুরু করে। আমরা গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।বর্তমানে ফেরিঘাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গাড়িটি মালিকের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

You might also like