বাংলা একটা সুরের নাম:লোকগান,বাউল ও সুফিবাদ — বাংলার আত্মার তিন ধারা

চৌধুরী ফরহাদ
বাংলার মাটিতে কান পাতলে এখনো একটা সুর শোনা যায়।সেই সুর কখনো মাঠের আল ধরে হেঁটে যাওয়া কৃষকের গলায়,কখনো নদীর বুকে ভেসে যাওয়া মাঝির ভাটিয়ালিতে, কখনো বা রাতের আখড়ায় একতারার টুংটাং শব্দে।এই সুরের নামই লোকগান।আর এই লোকগানের সবচেয়ে গভীর,সবচেয়ে দার্শনিক রূপটির নাম বাউল গান।তার পাশেই,তার সঙ্গে মিশে আছে আরেকটি ধারা — সুফিবাদ।

এই তিনটি ধারা আলাদা নয়।এরা বাংলার একই নদীর তিনটি শাখার মতো।একই জল, একই মাটি,শুধু বয়ে চলার ভঙ্গিটা আলাদা।

◾লোকগান- মানুষের জীবনের দিনলিপি:
লোকগান কোনো বই থেকে আসেনি।এসেছে মানুষের জীবন থেকে। বাংলার মানুষ যখন ধান কাটতো,নৌকা বাইতো,সন্তানকে ঘুম পাড়াতো,প্রিয়জনকে হারিয়ে কাঁদতো — তখনই আপনা-আপনি গান হয়ে উঠতো তার মুখের কথা।ভাওয়াইয়া,ভাটিয়ালি,জারি,সারি, কবিগান,পালাগান,মুর্শিদি — সবই এই জীবনের গান। এই গানের কোনো লেখক নেই, কোনো স্বত্ব নেই।দাদির মুখ থেকে নাতনির মুখে, গুরু থেকে শিষ্যের কানে — এভাবেই বেঁচে আছে লোকগান।এ কারণেই লোকগানকে বলা হয় মানুষের মুখের ইতিহাস।

যে ইতিহাস বইয়ে লেখা হয় না,সেই ইতিহাস লোকগানে লেখা থাকে।দুর্ভিক্ষের কষ্ট,নদী ভাঙনের বেদনা, প্রেমের আনন্দ — সবই এই গানে ধরা আছে।

◾বাউল গান- দেহের ভেতর মনের মানুষ:

 লোকগানের ভেতর থেকে যখন মানুষ জীবনের বড় প্রশ্নটা করতে শুরু করলো — আমি কে? আমার ভেতরে কে থাকে? সৃষ্টিকর্তা কোথায়? — তখনই জন্ম নিলো বাউল গান। বাউলরা বলেন,সৃষ্টিকর্তা দূরের আকাশে থাকেন না।তিনি থাকেন এই দেহের ভেতরেই। তাঁকে খুঁজতে মন্দির-মসজিদে দৌড়াতে হয় না।নিজের ভেতরে তাকালেই তাঁকে পাওয়া যায়।এই মানুষটার নামই তাঁরা দিয়েছেন — ‘মনের মানুষ’।লালন সাঁই তাই গেয়ে গেলেন — “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়”।এই খাঁচাটা হলো আমাদের দেহ।আর অচিন পাখিটা হলো আমাদের আত্মা।এত সহজ উপমায় এত গভীর কথা পৃথিবীর আর কোনো গানে আছে কিনা সন্দেহ।বাউলরা কোনো জাতপাত মানেন না। হিন্দু-মুসলমান, উঁচু-নিচু — এসব ভেদ তাঁদের কাছে মূল্যহীন। তাঁদের কাছে একটাই পরিচয় — মানুষ।এ কারণেই বাউল গান কেবল গান নয়, এটা একটা মানবতার দর্শন।২০০৫ সালে ইউনেস্কো বাউল গানকে মানবতার মৌখিক ও বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে, যা ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়। এটা আমাদের জন্য গর্বের, কিন্তু একই সঙ্গে দায়িত্বেরও।

◾সুফিবাদ- প্রেম দিয়ে স্রষ্টাকে পাওয়া:

বাউল দর্শনের পাশে আরেকটি স্রোত এসে মিশেছে — সুফিবাদ। তেরো শতক থেকে বাংলায় সুফি সাধকরা আসতে শুরু করেন। তাঁরা বললেন,ধর্ম মানে শুধু নিয়ম-কানুন নয়। ধর্ম মানে প্রেম। স্রষ্টাকে ভয় দিয়ে নয়,ভালোবেসে পেতে হয়।সুফিদের এই প্রেমের দর্শন বাংলার মানুষের মনের সাথে সহজেই মিলে গেল।কারণ বাংলার মানুষ এমনিতেই ভাবপ্রবণ,গানপ্রিয়। সুফিরা যখন স্রষ্টার প্রেমে গান গাইতে শুরু করলেন,তখন সেই গান হয়ে উঠলো মারেফতি গান, মুর্শিদি গান। হাসন রাজা,শাহ আবদুল করিম,দুদ্দু শাহ — এঁরা একই সঙ্গে বাউল,একই সঙ্গে সুফি ভাবধারার মানুষ। তাঁদের গানে আল্লাহ,হরি,মনের মানুষ — সব এক হয়ে গেছে।এই মিলনের কারণেই আজও লালনের আখড়ায়, শাহজালালের দরগাহে, হাসন রাজার ভিটায় মানুষ ধর্ম দেখতে যায় না,মানুষ দেখতে যায়। গান শুনতে যায়।

◾মাজার-আখড়া- বাংলার মিলনমেলা:

বাংলার মাজার আর আখড়াগুলো শুধু ধর্মীয় স্থান নয়,এগুলো আমাদের সাংস্কৃতিক মিলনমেলা।উরসের রাতে,দোলপূর্ণিমায় কিংবা সাধকের স্মরণসভায় যখন বাউলরা একতারা নিয়ে বসেন,তখন সেখানে কে হিন্দু, কে মুসলমান,কে ধনী,কে গরিব — এই হিসাব থাকে না।সবাই এক কাতারে বসে গান শোনে।একই পাতায় খায়।এই দৃশ্যটাই বাংলাদেশ।এই দৃশ্যটাই অসাম্প্রদায়িকতা।বইয়ের পাতায় যে অসাম্প্রদায়িকতার কথা লেখা থাকে, মাজার-আখড়ার উঠানে তা জীবন্ত হয়ে ওঠে।

◾আমরা কি হারিয়ে ফেলছি?

কিন্তু সত্যি কথাটা হলো, এই ঐতিহ্য আজ সংকটে।একদিকে আধুনিকতার স্রোতে আমাদের ছেলেমেয়েরা লোকগান থেকে দূরে সরে যাচ্ছে।অন্যদিকে মাজার-আখড়ায় গান নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হচ্ছে।কোথাও কোথাও বাউলদের ওপর হামলা হচ্ছে, গানের আসর বন্ধ করে দেওয়া হচ্ছে।এটা শুধু গানের ক্ষতি নয়,এটা বাংলার আত্মার ক্ষতি।বাউল গান বন্ধ হয়ে গেলে আমরা শুধু একটা গান হারাবো না,আমরা হারাবো মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষাটা।বাউল গানকে টিকিয়ে রাখতে হলে তাকে জাদুঘরে তুলে রাখলে হবে না। তাকে স্কুলের বইয়ে,টেলিভিশনে,মোবাইলের প্লে-লিস্টে,গ্রামের উঠানে — সবখানে বাঁচিয়ে রাখতে হবে।নতুন প্রজন্মকে বোঝাতে হবে,লালন কোনো অতীতের মানুষ নন, তিনি আজকেরও মানুষ।

◾শেষ কথা:

বাংলার মাটি কখনো কট্টরতাকে ধারণ করেনি।এই মাটি ধারণ করেছে প্রেমকে,গানকে, মানবতাকে।লোকগান আমাদের শিখিয়েছে কীভাবে বাঁচতে হয়।বাউল গান শিখিয়েছে কীভাবে নিজেকে চিনতে হয়।আর সুফিবাদ শিখিয়েছে কীভাবে ভালোবেসে স্রষ্টাকে পেতে হয়।এই তিনটি ধারা যতদিন বেঁচে থাকবে,ততদিন বাংলা বেঁচে থাকবে।কারণ বাংলা শুধু একটা মানচিত্রের নাম নয়,বাংলা একটা সুরের নাম।আর সেই সুরের সবচেয়ে মধুর অংশটুকুর নাম — বাউল।

লেখক: কলামিস্ট ও সমাজকর্মী, হবিগঞ্জ।

You might also like