টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির চার শতকের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির চার শতকের ইতিহাস, সংগ্রাম ও অবদানকে তুলে ধরতে শুরু হয়েছে এক ব্যতিক্রমী প্রদর্শনী।নির্বাহী মেয়র লুৎফুর রহমান আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।টাওয়ার হ্যামলেটস বারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জনগোষ্ঠীর আশ্রয়স্থল হিসেবে পরিচিত।ব্রিটেনে আইরিশ বসতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল টাওয়ার হ্যামলেটস, যদিও পূর্ব লন্ডনের ইতিহাসে তাদের অবদান প্রায়ই উপেক্ষিত হয়েছে।প্রদর্শনীতে ১৬০০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী আইরিশদের জীবনযাত্রা,অভিবাসন,বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং স্থানীয় সমাজ ও অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীতে দেখানো হয়েছে, কীভাবে ১৭শ ও ১৮শ শতকে ধর্মীয়,সাংস্কৃতিক ও অর্থনৈতিক নিপীড়নের কারণে বহু আইরিশ পরিবার পূর্ব লন্ডনে এসে বসতি স্থাপন করে। পরবর্তীতে কয়লা শ্রমিক,তাঁতি,ম্যাচ কারখানার নারী শ্রমিক ও ডক শ্রমিক হিসেবে কর্মরত হাজারো আইরিশ অভিবাসী ইস্ট এন্ডের শ্রমিক আন্দোলন এবং অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যার জন্য আজও ইস্ট এন্ড সুপরিচিত।টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন,“শতাব্দীর পর শতাব্দী ধরে অভিবাসন ও বসতির ঢেউ টাওয়ার হ্যামলেটসকে গড়ে তুলেছে।আইরিশ,হুগেনট,ইহুদি সম্প্রদায় থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ,সোমালিয়া এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মানুষ আমাদের বারার উন্নয়নে ভূমিকা রেখেছেন।এই প্রদর্শনী আইরিশ সম্প্রদায়ের সমৃদ্ধ অথচ অনেকাংশেই অপ্রকাশিত ইতিহাসকে আলোকিত করেছে, যাদের অবদান পূর্ব লন্ডনের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ।

প্রদর্শনীতে আয়ারল্যান্ডের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের প্রতি টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের দীর্ঘদিনের সংহতি ও সমর্থনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৮৬০-এর দশকের ফেনিয়ান বিদ্রোহ, হোম রুল আন্দোলন,১৯২০-এর দশকের স্বাধীনতা যুদ্ধ এবং ১৯৭০-এর দশকের ‘ট্রুপস আউট’ আন্দোলন।

প্রদর্শনীতে অন্যতম অবদানকারী রোজ কারান বলেন,“টাওয়ার হ্যামলেটসে আইরিশ কমিউনিটির স্বীকৃতি পাওয়া আমাকে ভীষণ গর্বিত করেছে।আমার প্রয়াত মা আজ বেঁচে থাকলে নিশ্চয়ই খুব আনন্দিত হতেন। এই প্রকল্পে অংশ নেওয়া ছিল আমার শিকড় ও এই এলাকায় বেড়ে ওঠার স্মৃতির সঙ্গে এক ব্যক্তিগত যাত্রা।টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসের ইতিহাসে কোনো প্রদর্শনীর জন্য এর আগে এত বিস্তৃত গবেষণা পরিচালিত হয়নি। তবে আয়োজকদের মতে, এটি এখনো সম্পূর্ণ ইতিহাস নয়। পূর্ব লন্ডনের আইরিশ সম্প্রদায় সম্পর্কিত কোনো স্মৃতি, নথি বা আর্কাইভ থাকলে তা সংরক্ষণ ও প্রদর্শনের জন্য স্থানীয় ইতিহাস গ্রন্থাগার ও আর্কাইভসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেইজার, কালচার এবং ট্যুরিজম বিষয়ক লিড মেম্বার কাউন্সিলার মিনার খাতুন বলেন, “আশ্রয় ও সুযোগের স্থান হিসেবে টাওয়ার হ্যামলেটসের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরতে এবং আমাদের বারার উন্নয়নে আইরিশ কমিউনিটি গুরুত্বপূর্ণ অথচ প্রায়শই উপেক্ষিত অবদানকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।
টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসে প্রদর্শনীটি চলবে ২১ আগস্ট ২০২৭ পর্যন্ত।পাশাপাশি আগামী জানুয়ারি থেকে সংশ্লিষ্ট বিভিন্ন বিনামূল্যের জনসম্পৃক্ততা কর্মসূচিও আয়োজন করা হবে।গবেষণার ভিত্তিতে ভবিষ্যতে এ বিষয়ক একটি বই প্রকাশের পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।
প্রদর্শনীর স্থান:টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস
২৭৭ ব্যাংক্রফট রোড,লন্ডন