বিএনপির সব পদ থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বিতর্কিত বক্তব্যের জেরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,দলীয় নীতি,আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি মঞ্জুরুল আহসান মুন্সী (বহিষ্কৃত)-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।তবে ঋণখেলাপি হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়েছে।ওই আসনে ১১ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে লড়ছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে আরও প্রার্থী আছেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন।তাকে সমর্থন জানিয়েছেন মুন্সী।
যে বক্তব্য নিয়ে বিতর্ক সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বার উপজেলার বাকসার গ্রামে একটি উঠান বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিমের পক্ষে বক্তব্য দেন।ওই বক্তব্যের একটি ফুটেজ ভাইরাল হয়ে যায়।যেখানে ভোটারদের হুমকি দেওয়ার বিষয়টি প্রকাশ পায়।৫৩ সেকেন্ডের সেই ভিডিওতে মুন্সীকে বলতে শোনা যায়, ‘আমি কথাটা পরিষ্কারভাবে বলছি, আপনারা মনে করবেন না ভয় দেখাচ্ছি।কথা আপনারা রেকর্ড করে ছেড়ে দিতে পারেন আমার অসুবিধা নাই।আমাকে যেন অপমানিত না হতে হয়। তাহলে অপমানের শোধ আমি ওভাবেই নিমু।১২ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন।ক্ষমতায় যদি বিএনপি থাকে,আর যদি আপনারা অন্য কাউকে ভোট দেন-আমি কিন্তু আপনাদের ছাড়ব না।ঘর-বাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব।