বিদেশে পাঠানোর কথা বলে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
সত্যবাণী

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী নারী দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেছেন।মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।জীবিকার তাগিদে বিদেশে যাওয়ার চেষ্টা করলে কাপাসিয়ার পেওরাইট এলাকার মিলনের সঙ্গে তার পরিচয় হয়। মিলন তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ক্লিনারের চাকরির ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা দাবি করেন।অভিযোগে বলা হয়,গত ১৫ জুন বিকেলে মিলন ওই নারীকে তারগাঁও মেডিকেল মোড়ে আসতে বলেন।সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছালে মিলন তাকে একটি অটোরিকশায় তুলে পেওরাইট এলাকার আদুরীরটেক ব্রিজসংলগ্ন নির্জন স্থানে নিয়ে যান।সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিরা তাকে ধর্ষণ করে এবং পরে ওই স্থানে ফেলে রেখে চলে যায়।এ ঘটনায় ভুক্তভোগী নারী মিলনসহ চারজনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেছেন।কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

You might also like