বিপৎসীমার কাছাকাছি ৪ নদীর পানি, বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশের অভ্যন্তরে ও সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।পাশাপাশি বৃষ্টিপাত বাড়ায় দেশের অধিকাংশ নদ-নদীর পানিও বাড়ছে।বুধবার (১৭ জুন) এ পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।পাউবো জানিয়েছে,উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানির সমতল শুক্রবার (১৯ জুন) থেকে আরও বাড়তে পারে।এ সময়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদী দুটি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।ইতোমধ্যে নদী দুটির পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটারের মধ্যে পৌঁছেছে।এদিকে সোমেশ্বরী ও ভুগাই নদীর পানিও বেড়ে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে।আগামী তিন দিন এ দুই নদীর পানির সমতল আরও বাড়তে পারে। এ সময়ে নেত্রকোনা,ময়মনসিংহ ও শেরপুর জেলায় নদী দুটি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে।ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।পাউবোর তথ্য অনুযায়ী,পর্যবেক্ষণাধীন ১২৭টি নদী স্টেশনের মধ্যে ৮০টিতে পানির সমতল বেড়েছে। ৪৩টিতে কমেছে।আর চারটি স্টেশনে পানির সমতল অপরিবর্তিত রয়েছে।

You might also like