বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়

নিউজ ডেস্ক
সত্যবাণী

স্পোর্টস: বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের শেষ মুহূর্তে ঝালিয়ে নিতে মাঠে নেমেছিল ব্রাজিল।রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক মনোভাবের প্রতিফলন ঘটে ব্রাজিলের খেলায়। দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।তবে কিছুক্ষণ পরই পানামা সমতায় ফেরে।মাইকেল মুরিলোর নেওয়া ফ্রি-কিক ব্রাজিল ফরোয়ার্ড মাথিউস কুনহার শরীরে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়।সমতায় ফেরার পর দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ব্রাজিল।অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর দুর্দান্ত গোলে আবারও লিড পায় সেলেসাওরা।২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা।বিরতির পর আরও ভয়ংকর রূপ নেয় ব্রাজিল।পানামার রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান তরুণ ফরোয়ার্ড রায়ান।এরপর লুকাস পাকেতার নেওয়া শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে গেলে স্কোরলাইন আরও বড় হয়।

শেষদিকে পেনাল্টি থেকে গোল করেন ইগর থিয়াগো।এরপর ডিফেন্ডার দানিলো প্রতিপক্ষের বক্সে চমৎকার দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে ব্রাজিলের ষষ্ঠ গোলটি করেন। অন্যদিকে পানামার হয়ে দ্বিতীয় গোলটি আসে হার্ভের দূরপাল্লার দুর্দান্ত এক শট থেকে।পুরো ম্যাচে বল দখল,পাসিং এবং আক্রমণভাগে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। তাদের মোট ১৪টি শটের বিপরীতে প্রত্যাশিত গোল (এক্সজি) ছিল ২.২৬। বিশ্বকাপের আগে বিভিন্ন কৌশল ও খেলোয়াড়দের পরীক্ষা করে দেখার সুযোগও কাজে লাগিয়েছেন দলের কোচ।এই ম্যাচের পর আগামী ৭ জুন মিশরের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ‘সি’ গ্রুপে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।গ্রুপ পর্বে পরবর্তী দুই ম্যাচে তারা মুখোমুখি হবে হাইতি ও স্কটল্যান্ডের।

You might also like