ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
নিউজ ডেস্ক
সত্যবাণী
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাছভর্তি একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল। আহত হয়েছেন জোসনা বেগমের স্বামী কাউসার (৫০) ও তাদের চার বছর বয়সী মেয়ে আদিবা।আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাউসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে কসবা থেকে সরাইল বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে রামরাইলের বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চালক মাহবুব, যাত্রী জোসনা বেগম ও তার ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।এদিকে সকাল ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলি মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।