ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
নিউজ ডেস্ক
সত্যবাণী
যুক্তরাষ্ট্র: ভারতের আমদানি পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন,১ আগস্ট থেকে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।বুধবার (৩০ জুলাই) দেওয়া এক ঘোষণায় তিনি বলেন,“ভারত শিগগিরই একটি অনির্দিষ্ট দণ্ডের মুখোমুখি হবে।তবে তিনি স্পষ্টভাবে জানাননি,এই দণ্ডের ধরন কী হবে কিংবা এর পেছনের কারণ কী।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা লেখেন।এতে তিনি আরও লেখেন,‘ভারত যদিও আমাদের বন্ধু,তবে বিগত বছরগুলোতে তাদের সঙ্গে তুলনামূলকভাবে আমরা কম ব্যবসা করেছি।কারণ,তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বে সর্বোচ্চ।তারা বিশ্বের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অশুল্ক বাধা ব্যবহার করে।ট্রাম্প আরও বলেন,‘তারা (ভারত) সব সময় সামরিক সরঞ্জামের বড় একটি অংশ রাশিয়ার কাছ থেকে কিনে থাকে।সবাই যখন চায়, রাশিয়া যেন ইউক্রেনে হত্যা বন্ধ করে, ঠিক সে সময়ে চীনের মতো তারাও রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা—এসব ভালো লক্ষণ নয়!যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দেওয়া ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।