ভিসা বন্ধে বাংলাদেশিদের দায়ী করে সংশোধন হওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়ে যাওয়ার জন্য দেশের মানুষ ও ব্যবসায়ীদেরকেই দায়ী করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।ভিসা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে নিজেদের সংশোধন হওয়ার আহ্বানও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।তিনি বলেছেন,বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের দেশের মানুষ ও ব্যবসায়ীরাই দায়ী।এ ক্ষেত্রে সবার আগে আমাদের ঘর সামলাতে হবে। যেভাবে নিয়ম মেনে-না মেনে লোকজন যাচ্ছে, তাতে সমস্যা তৈরি হচ্ছে।আজ মঙ্গলবার (৩ জুন) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।এ সময় মার্কিনদের স্টুডেন্ট ভিসা দেওয়ার বিষয়ে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন।ব্রিফিংয়ে ভারত দিয়ে ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার বিষয়টিকে শাপেবর বলে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশের কোনো সমস্যা হচ্ছে না। আমরা বিকল্প তৈরি করেছি, এতে আমাদের শাপেবর হয়েছে।নির্বাচন নিয়ে বিদেশি বন্ধুরাষ্ট্রগুলোর জানতে চাওয়া নিয়ে তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের বিষয়ে বিদেশি বন্ধুরা জানতে চাইলে সরকারের সিদ্ধান্তই তাদের জানানো হয়। নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত পররাষ্ট্র মন্ত্রণালয়। ডিসেম্বর থেকে জুনের মধ‍্যে নির্বাচন আশা করা যায় বলে জানান তিনি।

You might also like