মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা-ভাঙচুর

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার ও তার পাশেই পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলা করেছে দুর্বৃত্তরা।এ সময় তাদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদারের গাড়ির চালক মামুন গুরুতর আহত হয়েছেন।এ ছাড়া আলী হাসান পলাশ তালুকদারও আঘাত পেয়েছেন।পুরো টিকিট কাউন্টারটি ভাঙচুর করা হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়।তবে হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।আলী হাসান পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম বলেন,পলাশ ভাইকে আক্রমণ ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। বাসার গেটেও হামলা করেছে।তবে ভেতরে ঢুকতে পারেনি তারা।পলাশ ভাইয়ের গাড়িচালকের শরীরেও অসংখ্য কোপ লেগেছে।হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।রমনা মডেল থানার ডিউটি অফিসার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

এদিকে ঘটনাস্থলে যাওয়া রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০ থেকে ৭০ জন লোক কাউন্টারে এসে এলোপাতাড়ি মারপিট করেছে।কাউন্টার ভাঙচুর করে স্টাফদের মেরেছে।দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে দুজন গুরুতর আহত হয়েছে।এ ছাড়া আরও অনেকে আহত হয়েছেন।কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।তিনি আরও বলেন,আহতরা সিরাজুল ইসলাম মেডিকেলসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।পুলিশের একটি সূত্র জানায়, হামলাকারীরা স্থানীয়।তাদের সঙ্গে কী নিয়ে বিরোধ লেগেছিল তা জানার চেষ্টা চলছে।

You might also like