মিরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
নিউজ ডেস্ক
সত্যবাণী
চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানার পশ্চিম পাশে এ সংঘর্ষ ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের অনুসারী মীরসরাই কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন।মিছিলটি মীরসরাই থানার পশ্চিমপাশ দিয়ে অতিক্রমকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষে মীরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান আনোয়ার,নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আল নোমান ও পৌরসভা ছাত্রদল নেতা সিয়ামসহ অন্তত পাঁচজন আহত হন।আহতদের মীরসরাই উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঘটনার খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।