‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকেই সমর্থন দেবে ভারত’
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এমন বাংলাদেশকেই ভারত সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগদান উপলক্ষে তিনদিনের সফর শেষে দেশে ফেরার আগে শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।বাংলাদেশে প্রবাসী ভারতীয় এবং ঢাকায় ‘ভারতীয় বন্ধুদের’ জন্য আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিবেশী দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘বাংলাদেশে আমাদের বন্ধুদের আমি আবারও আশ্বস্ত করছি, ভারত আপনাদের অসাধারণ আন্তরিকতা এবং বন্ধুত্বকে মূল্যায়ন করে। আমরা ঘনিষ্ঠভাবে আপনাদের সঙ্গে যুক্ত থাকতে চাই; উন্নয়নের মধ্য দিয়ে যৌথ সমৃদ্ধি অর্জন এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই।
তিনি বলেন, আমি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি, ভারত এমন একটি বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে।ভারতের রাষ্ট্রপতি বলেন, আমরা ঘনিষ্ঠভাবে বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকতে চাই। উন্নয়নের মধ্য দিয়ে যৌথ সমৃদ্ধি অর্জন এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই।এর আগে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বুধবার ঢাকা সফরে আসেন। তার সঙ্গে রয়েছেন ভারতের ফার্স্ট লেডি, রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দুইজন সংসদ সদস্য এবং ভারতের পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।ঢাকা সফরকালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন ও বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।