মুক্তিযুদ্ধ গবেষক, সাংবাদিক মোহাম্মদ ফারুক আহমদ এর ইন্তেকাল

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত‍্যবাণী

সিলেট: সুশাসনের জন্য নাগরিক সিলেট চ্যাপ্টারের সাবেক সভাপতি, আম্বরখানা জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী, বিশিষ্ট লেখক ও কলামিস্ট এবং মুক্তিযুদ্ধ গবেষক মোহাম্মদ ফারুক আহমদ ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে তাঁর সাথেই ছিলেন। তিনি বেশ কিছুদিন যাবত সিলেট নগরীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। তাঁর জানাজার নামাজ একই দিন মঙ্গলবার বাদ এশা সিলেট নগরীর হযরত শাহজালাল (র:) মাজার মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মরহুম ফারুক আহমদ এর কনিষ্ঠ ভ্রাতা আশফাক আহমদ সিলেট সদর উপজেলা পরিষদের প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ছিলেন। উনার জ্যেষ্ঠ সন্তান ইমরান আহমেদ সিলেট লায়ন্স ফাউন্ডেশন এর সাবেক সাধারণ সম্পাদক। একমাত্র কন্যা যুক্তরাজ্য প্রবাসী এবং যুবরাজ্য যুব ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক ও কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির অন্যতম সদস্য। তাঁর জামাতা সলিসিটর শাহরিয়ার বিন আলি বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক এবং কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সহ-সাধারণ সম্পাদক।
মরহুম ফারুক আহমদ সিলেট শহরের একজন প্রবীণ ব্যক্তিত্ব। তিনি একাধারে সমাজসেবক, শিক্ষানুরাগী, মুক্তিযুদ্ধ গবেষক, লেখক- সাংবাদিক এবং নগরীর বহু জনহিতকর কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সজ্জন মানুষ। তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ পাস করে শিক্ষকতা শুরু করেন। তিনি বাংলাদেশ শিল্প সমিতি সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সিলেট চেম্বাস অব কমার্স, মুসলিম সাহিত্য সংসদসহ সিলেটের বহু জনহিতকর প্রতিষ্ঠানের জীবন সদস্য ছিলেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি অবদান রেখেছেন। তিনি আম্বরখানা জামে মসজিদে দীর্ঘ সময় মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেন‌। একই সাথে তিনি আম্বরখানা বাজার কমিটির প্রতিষ্ঠাতা ছিলেন।
এদিকে মরহুম ফারুক আহমদ এর মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ইউরোপ কমিটির সভাপতি আবেদ আলী আবিদ ও সাধারণ সম্পাদক নিসার আহমেদ গভীর শোক জানিয়েছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন একটি প্রগতিশীল এবং জনহিতকর সমাজ নির্মাণে আমৃত্যু তিনি মানুষের জন্য কাজ করে গিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ে তাঁর গবেষণা ও পরিবেশ আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও তাঁর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সভাপতি শেখ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক সেলিনা শফি, বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল যুক্তরাজ্যের সভাপতি হারুন অর রশিদ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খাঁন, যুব ইউনিয়ন যুক্তরাজ্য সংসদের প্রাক্তন সভাপতি ও ছাত্র ইউনিয়ন সিলেট জেলার প্রাক্তন সভাপতি ইফতেখারুল হক পপলু প্রমূখ।

 

You might also like