মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুপক্ষের সং’ঘ’র্ষ, ওসিসহ আহত ৮
নিউজ ডেস্ক
সত্যবাণী
মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৮ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শ্রীনগরের জমজম টাওয়ারের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জমজম টাওয়ারের সামনে জড়ো হচ্ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকেরা।জমজম টাওয়ারের সামনে থেকে ডাকবাংলো পর্যন্ত তাদের পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর প্রায় ১০০ অনুসারী লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালান।
মীর সরফত আলী সপু ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকেরা প্রতিরোধ গড়ে তুললে একপর্যায়ে তা দুই গ্রুপের সংঘর্ষে রূপ নেয়।এ সময় ধাওয়া,ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।এতে অন্তত আটজন আহত হয়েছেন।তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে।আহতদের মধ্যে অহিদুল ইসলাম খোকন মেম্বার (৫২),রাহাত চোকদার (২৮), জসিম দেওয়ান (৪০) ও বাবুল খান (৪৫) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।এ ঘটনায় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিল্টন দত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন।পরে ওই এলাকায় অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।অভিযোগ হলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।