মেসিকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

নিউজ ডেস্ক
সত্যবাণী

স্পোর্টস: ২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা বাজার আগেই ঘর গোছাতে শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।শিরোপা অক্ষুণ্ণ রাখার মিশনে সোমবার (১১ মে) ৫৫ সদস্যের এক বিশাল প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। মহাতারকা লিওনেল মেসিকে সেনাপতি করে ঘোষিত এই তালিকায় যেমন অভিজ্ঞদের ওপর আস্থা রাখা হয়েছে, তেমনি সুযোগ দেওয়া হয়েছে একঝাঁক তরুণ তুর্কিকে। এই প্রাথমিক দল থেকেই আগামী ৩০ মে’র মধ্যে চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল বেছে নেবেন স্কালোনি।এবারের স্কোয়াডে আর্জেন্টিনার ঘরোয়া লিগের খেলোয়াড়দের জয়জয়কার দেখা গেছে। ঘরোয়া ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিভার প্লেট থেকে ৬ জন এবং বোকা জুনিয়র্স থেকে ৪ জন খেলোয়াড়কে ডেকেছেন কোচ।এছাড়া রেসিং ক্লাবের গ্যাব্রিয়েল রোহাস এবং গোলরক্ষক ফাকুন্দো কামবেসেসের অন্তর্ভুক্তি ঘরোয়া ফুটবলের প্রতি স্কালোনির আস্থারই প্রতিফলন।

স্কালোনির নতুন পরিকল্পনায় জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন আনকোরা প্রতিভা। জার্মানির হামবুর্গে খেলা নিকোলাস কাপালদো, গেতাফের জাইদ রোমেরো এবং পারমার মাতেও পেলেগ্রিনো প্রথমবারের মতো বড় মঞ্চে ডাক পেয়েছেন। এছাড়া চেলসির আলেহান্দ্রো গারনাচো এবং রোমার মাতিয়াস সুলেকে নিয়েও বড় আশা রাখছেন কোচ। তবে চ্যাম্পিয়ন্স লিগে আপত্তিকর আচরণের দায়ে নিষিদ্ধ জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে তালিকায় রাখা হলেও তার মূল আসরে খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।আগামী জুনের শুরুতেই বিশ্বচ্যাম্পিয়নরা যুক্তরাষ্ট্রের কানসাসে তাদের বেস ক্যাম্প স্থাপন করবে। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে আলবিসেলেস্তেরা। এরপর ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার হ্যাটট্রিক শিরোপা জয়ের মূল মিশন।

এক নজরে প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, রুলি, মুসো, বেনিতেজ, কামবেসেস ও সান্তিয়াগো বেলত্রান।
রক্ষণভাগ: ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মনতিয়েল ও নাহুয়েল মোলিনাসহ ২০ জন।
মধ্যমাঠ: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও লিয়ান্দ্রো পারেদেসসহ ১৫ জন।
আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, গারনাচো ও মাতিয়াস সুলেসহ ১৪ জন।

You might also like