মৌলভীবাজারে দুষ্কৃতকারীদের হামলায় ব্যবসায়ী রুবেল খুন

সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলা শহরের শমসেরনগর রোডে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল।বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় এফ রহমান ট্রেডিং নামক দোকানে কিছু সংখ্যক দুষ্কৃতকারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।রুবেলকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন,যেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।নিহত রুবেল মৌলভীবাজার শহরের শ্যামলী এলাকার বাসিন্দা এবং কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সন্তান। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং দীর্ঘদিন ধরে হাডওয়্যার,কাপড় ও মুদি ব্যবসা পরিচালনা করতেন।

এই হত্যাকাণ্ড শহরের ব্যবসায়ী মহলে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। শমসেরনগর রোডের ব্যবসায়ীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন।মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান,পুলিশ হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে।এই হত্যাকাণ্ড মৌলভীবাজার শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। ব্যবসায়ীরা আতঙ্কিত এবং সাধারণ মানুষ উদ্বিগ্ন।পুলিশের দ্রুত তদন্ত ও কঠোর পদক্ষেপের মাধ্যমে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

You might also like